অধিনায়ক হিসেবে প্রথম টি-টোয়েন্টি সিরিজ জিতে নিলেন এক বছর পর মাঠে ফেরা যশপ্রীত বুমরা। ডাবলিনের ম্যালাহাইডে তারা আয়ারল্যান্ডকে হারিয়েছে ৩৩ রানে। এক ম্যাচ হাতে রেখেই তিনটি টি-টোয়েন্টির সিরিজ জিতলো সফরকারীরা।
আগে ব্যাটিংয়ে নেমে ভারত করে ৫ উইকেটে ১৮৫ রান। জবাবে ৮ উইকেটে ১৫২ রানে থামে আয়ারল্যান্ড।
টসে জিতে ফিল্ডিং নিয়ে আয়ারল্যান্ডের শুরুটা ভালো ছিল। পঞ্চম ওভারে তারা ৩৪ রানে ভারতের দুটি উইকেট তুলে নেয়। যশ্বসী জয়সওয়াল (১৮) ও তিলক ভার্মা (১) ফিরে যান শুরুতেই।
এরপর রুতুরাজ গায়কোয়াড় ও সাঞ্জু স্যামসনের ৭১ রানের জুটিতে ভারত শক্ত অবস্থান নেয়। স্যামসনকে (৪০) হাফ সেঞ্চুরি করতে দেয়নি স্বাগতিকরা। তবে রুতুরাজ ৩৯ বলে ৬ চারে ফিফটি করে আর চার বল ক্রিজে ছিলেন। ৫৮ রানে তাকে থামতে হয়।
এরপর রিংকু সিংয়ের ২১ বলে ৩৮ রানের ক্যামিওতে বড় পুঁজি সংগ্রহ করে ভারত। ইনিংসের এক বল বাকি থাকতে আউট তিনি। তার সঙ্গে ৫৬ রানের জুটি গড়েন শিভম দুবে। তার ২২ রানের অপরাজিত ইনিংস ছিল কার্যকরী।
আইরিশদের হয়ে সর্বোচ্চ দুটি উইকেট নেন ব্যারি ম্যাকক্যার্থি।
লক্ষ্যে নেমে অ্যান্ডি বালবির্নি ব্যাট হাতে ঝলক দেখান। কিন্তু অন্যদের ব্যর্থতায় বৃথা যায় তার ৫১ বলে ৭২ রানের ইনিংস, যাতে ছিল ৫ চার ও ৪ ছয়।
তৃতীয় ওভারে প্রসিদ্ধ কৃষ্ণার বলে ডাক মারেন পল স্টার্লিং ও লরকান টাকার। এই ধাক্কা থামে ৬৩ রানে চার উইকেট হারানোর পর। পঞ্চম উইকেটে জর্জ ডকরেলকে (১৩) নিয়ে ৫২ রানের জুটি গড়েন বালবির্নি। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান করেন মার্ক অ্যাডায়ার।
বল হাতে বুমরা, প্রসিদ্ধ কৃষ্ণা ও রবি বিষ্ণয় দুটি করে উইকেট নেন।