ভারত নাকি পাকিস্তান, সৌরভের চোখে কে ফেভারিট?

এশিয়া কাপের আরেকটি আসর ঘনিয়ে আসছে। টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় আর হাইভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে পাকিস্তান ও ভারতের মধ্যে। এই ম্যাচে কে ফেভারিট তা নিয়ে শুরু হয়ে গেছে বিশ্লেষণ। ভারত বনাম পাকিস্তানের ম্যাচে কে জিতবে, সাবেক ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে দ্বিধাদ্বন্দ্বে।

আগামী ২ সেপ্টেম্বর ভারত ও পাকিস্তানের গ্রুপ পর্বের ম্যাচ। সাবেক বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ এই ম্যাচের ফেভারিট কে জানাতে গিয়ে লেভেল প্লেয়িং ফিল্ডের ওপর জোর দিলেন। তার মতে, যে কোনও দলই জিততে পারে।

দুই দলের শক্তির কথা স্বীকার করেছেন সৌরভ। দুই দলই শিরোপার দাবিদার মনে করেন তিনি। সৌরভ বললেন, ‘এশিয়া কাপে কে ফেভারিট, বলা খুব কঠিন। যে কেউ জিততে পারে। দুই দলই ভালো। পাকিস্তানও ভালো দল, আর ভারতও অবশ্যই ভালো একটিক দল।’

সম্প্রতি যশপ্রীত বুমরা আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ে নেতৃত্ব দেন এই পেসার। তার জন্য এশিয়া কাপ নতুন চ্যালেঞ্জ মনে করেন সৌরভ, ‘বুমরা আয়ারল্যান্ডে ভালো খেলেছে। সে টি-টোয়েন্টি খেলেছিল। এখন ওয়ানডে খেলতে হবে। এক ম্যাচে ১০ ওভার বল করতে হবে। দেখা যাক।’