রাহুল, আইয়ারকে নিয়ে ভারতের বিশ্বকাপ দল

এশিয়া কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলার পর বিশ্বকাপের দল ঘোষণা করেছে ভারত। সদ্য ইনজুরি থেকে ফেরা লোকেশ রাহুল ও শ্রেয়াস আইয়ারকে নিয়ে বিশ্বকাপে অংশ নিচ্ছে তারা। সাঞ্জু স্যামসন ও তিলক ভার্মা বাদ পড়েছেন।

তিনজন বাঁহাতি স্পিনার ও তিনজন বিশেষজ্ঞ পেসারকে নেওয়া হয়েছে। মঙ্গলবার ১৫ জনের দল ঘোষণা হয়েছে।

রোহিত শর্মার ডেপুটি ঘোষণা করা হয়েছে হার্দিক পান্ডিয়াকে। সম্প্রতি ইনজুরি থেকে ফেরা যশপ্রীত বুমরা প্রত্যাশিতভাবে দলে জায়গা পেয়েছেন। সূর্যকুমার যাদবকেও রাখা হয়েছে দলে। জায়গা হয়নি যুজবেন্দ্র চাহালের।

দল ঘোষণার পর বাদ পড়াদের নিয়ে রোহিত বলেন, ‘কিছু খেলোয়াড় বাদ পড়েই, প্রতিটি বিশ্বকাপেই এমন হয়। এটা নিয়ে আশ্চর্য হওয়ার কিছু নেই।’

দলে সাত ব্যাটারের সঙ্গে চার বোলার ও চার অলরাউন্ডার আছেন। টিম কম্বিনেশন নিয়ে রোহিত বলেন, ‘আমরা সম্ভাব্য সেরা কম্বিনেশন বেছে নিয়েছি। ব্যাটিংয়ে গভীরতা আছে, স্পিন ও অন্য বোলিং বিভাগেও। খেলোয়াড়দের ফর্ম, প্রতিপক্ষের চ্যালেঞ্জ বুঝে খেলার একাদশ বাছাই হবে।’

একাদশে জায়গা পেতে লড়াই করতে হবে উইকেটকিপার ব্যাটার রাহুল ও ইশান কিশানকে। প্রধান নির্বাচক অজিত আগারকার বললেন, ‘পাঁচ নম্বরে লোকেশ রাহুল দারুণ ব্যাটার। তাদের দুজনের সঙ্গেই আমাদের কথা বলতে হবে।’ 

বিশ্বকাপের দল ঘোষণার আজই শেষ দিন। তবে আইসিসির অনুমোদন ছাড়াই দলে পরিবর্তন আনা যাবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড- রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, ইশান কিশান, লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়া (সহঅধিনায়ক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, যশপ্রীত বুমরা, মোহাম্মদ শামি, মোহাম্মদ সিরাজ, কুলদীপ যাদব।