দক্ষিণ আফ্রিকা তাদের বিশ্বকাপ দল ঘোষণা করেছে। মঙ্গলবার ব্লুমফন্টেইনের গ্রে কলেজে ১৫ জনের দল প্রকাশ করা হয়। তাতে বড় চমক গেরাল্ড কোয়েটজির অন্তর্ভুক্তি। তার সঙ্গে ফিটনেস উদ্বেগ ছাপিয়ে স্কোয়াডে নাম লিখেছেন স্পিনার কেশভ মহারাজ ও সিমার সিসান্দা মাগালা।
দলে জায়গা চূড়ান্ত হওয়ার পর কুইন্টন ডি কক বিস্ফোরক ঘোষণা দিয়েছেন। বিশ্বকাপ শেষে ওয়ানডে থেকে অবসর নেবেন তিনি। ২০২১ সালের শেষদিকে টেস্ট ক্রিকেটকে বিদায় জানান তিনি। অক্টোবর-নভেম্বরে বিশ্বকাপ খেলার পর ওয়ানডেও ছাড়বেন সাবেক অধিনায়ক, খেলবেন শুধু টি-টোয়েন্টিতে।
বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে, এমন সাত জন খেলোয়াড়কে দলে রেখেছেন কোচ রব ওয়াল্টার। এই স্কোয়াডের নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা।
র্যাপচার্ড একিলিস ইনজুরিতে পড়ে গত মার্চ থেকে মাঠের বাইরে ছিলেন মহারাজ। গত রবিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ উইকেটে হেরে যাওয়া টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে ফেরেন তিনি।
মাগালা হাঁটুর চোটে পড়েছিলেন। অস্ট্রেলিয়া সিরিজও খেলা হয়নি। তবে বল হাতে গতির ঝড় তোলার দক্ষতার কারণে তাকে রাখা হয়েছে। ২২ বছর বয়সী কোয়েটজি এই বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে খেলেন। বল হাতে তার গতিই মূল অস্ত্র এবং লোয়ার অর্ডারে মারমুখী ইনিংসও খেলতে পারেন তিনি।
অভিজ্ঞ অলরাউন্ডার ওয়েন পার্নেল কাঁধের চোটে ভুগছেন বলে বাদ পড়েছেন। তরুণ দুই ব্যাটার ডেভাল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবস অস্ট্রেলিয়ান সিরিজে খেললেও জায়গা হয়নি।
আগামী ৭ অক্টোবর শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপ শুরু হবে দক্ষিণ আফ্রিকার।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড: টেম্বা বাভুমা (অধিনায়ক), গেরাল্ড কোয়েটজি, কুইন্টন ডি কক, রিজা হেনড্রিকস, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্দা মাগালা, কেশব মহারাজ, এইডেন মারক্রাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, আনরিখ নর্কিয়ে, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডুসেন।