শুধু জিম করেই কাটিয়েছেন মুস্তাফিজ

এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে রবিবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। রবিবার ছিলো টাইগারদের ঐচ্ছিক অনুশীলন। ঐচ্ছিক অনুশীলন হলেও নিজ গাড়িতে যথারীতি সবার আগে অনুশীলনে চলে আসেন টেস্ট অধিনায়ক মুশফিকুর রহিম। দুপুর পৌনে ১টায় তিনি মিরপুরে আসেন।ফাইল ফটো
তার আসার প্রায় দুই ঘণ্টা পরে টিম বাসে করে ৯ সদস্যের দল আসে অনুশীলনে। এর আগে ইনডোরে ব্যাটিং অনুশীলন করে নিজেকে ঝালিয়ে নেন মি. ডিফেন্ডেবল। ইনডোরে প্রায় ‍দুই ঘন্টা একা ব্যাটিং করেন তিনি। এরপর আবার দলের সঙ্গেও চলে তার অনুশীলন পর্ব।

৫ ক্রিকেটার মাশরাফি বিন মুর্তজা, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ ও আল-আমিন হোসেন ছাড়া সবাই অনুশীলনে করেছেন এদিন। ধারাবাহিকভাবে ব্যাটিংয়ে ব্যর্থ হওয়া সৌম্য সরকার সবচেয়ে বেশি সময় কাটিয়েছেন নেটে। সেই সঙ্গে উইকেটরক্ষক ব্যাটসম্যান নুরুল হাসান সোহানও ব্যাটিং অনুশীলনে বেশ সিরিয়াস ছিলেন।

অন্যদিকে পেসার মুস্তাফিজুর রহমান ছিলেন ব্যতিক্রম। তিনি কোনও বোলিং অনুশীলনে অংশ নেননি এদিন। শুধুমাত্র জিমে করে সময় কাটিয়েছে মুস্তাফিজ। গত ম্যাচে দলের বাইরে থাকা নাসির হোসেন, ইমরুল কায়েস ও আবু হায়দার রনিও অনুশীলনে মনযোগী ছিলেন।

উল্লেখ্য, ভারতের বিপক্ষে ৪৫ রানের বড় পরাজয়ে এশিয়া কাপের মিশন শুরু করা বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে ঘুরে দাঁড়ায়। ব্যাটিং ব্যর্থতায় বড় স্কোর গড়তে না পারলেও আরব আমিরাতের বিপক্ষে বোলারদের কল্যাণে জয় পায় বাংলাদেশ।

/আরআই/এমআর/