দল সবার আগে, এটাই আমার ক্যারিয়ারের মূলমন্ত্র: সাকিব

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ খেলে প্রথম ম্যাচের ভেন্যু ধর্মশালায় পৌঁছে গেছেন বাংলাদেশের ক্রিকেটাররা। তবে যাননি সাকিব আল হাসান। তিনি যান আহমেদাবাদে। সেখনেই বুধবার অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের নিয়ে ‘ক্যাপ্টেনস ডে’ পালিতো হলো। প্রত্যেক দলের অধিনায়ক নানা প্রশ্নের উত্তর দিয়েছেন ক্যাপ্টেনস ডেতে। সাকিব জানিয়েছেন তার কাছে সবার আগে দল।

অনুষ্ঠানটি উপস্থাপনা করে ভারতের সাবেক তারকা ক্রিকেটার রবি শাস্ত্রী ও ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক এউইন মর্গ্যান। সেখানে সাকিবের কাছে দুজনই একটি করে প্রশ্ন রাখেন। বাংলাদেশের অধিনায়কের কাছে রবির প্রশ্ন ছিল, একজন তারকা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়াটা কতটা চাপের। জবাবেব সাকিবের উত্তর, ‘না, এমন (চাপ অনুভব করা) কিছু না। আমি মনে করি, এটা আমাকে সব সময়ই অনুপ্রাণিত করে আরও ভালো করার জন্য। ব্যক্তিগতভাবে আমি কখনও কোনও পরিসংখ্যানের দিকে নজর রাখি না। দলই সবার আগে এবং এটাই আমার ক্যারিয়ারের মূলমন্ত্র। আর এভাবেই আমি বিষয়টাকে দেখি।'

বাংলাদেশ কতটা প্রস্তুত সেই ব্যাপারে সাকিবের কাছে জানতে চান মর্গ্যান। অধিনায়কের ঝটপট উত্তর, ‘আমি মনে করি, আমরা ভালোভাবে প্রস্তুত হয়েছি। যদি ২০১৯ সালের বিশ্বকাপের পর থেকে গত চার বছরের দিকে তাকাই, বাছাইপর্বের (ওয়ানডে সুপার লিগ) পয়েন্ট তালিকায় আমরা সম্ভবত তিনে বা চারে ছিলাম (মূলত তিনে)। দল হিসেবে আমরা খুবই ভালো করেছি। এখন সময় এসেছে এই বিশ্বকাপে ভালো কিছু করে দেখানোর। আমারা প্রস্তুত আছি। আর গোটা দেশও প্রত্যাশা করছে যে আমরা আগের চেয়ে এখানে এবার ভালো কিছু করবো।'

আগামী শনিবার হিমাচল প্রদেশ স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন। বাংলাদেশের সেরা ক্রিকেটার তিনি। তার কাঁধে চড়েই বাংলাদেশ দলকে পাড়ি দিতে হবে বিশাল পথ। এক আগেও দেখা গেছে সাকিবের ব্যাট-বল হাসলেই, হাসে বাংলাদেশ। কোটি ক্রিকেট ভক্তের প্রত্যাশা ভারত বিশ্বকাপেও ২০১৯ বিশ্বকাপের পুনরাবৃত্তি করতে পারবেন বাঁহাতি এই অলরাউন্ডার।
/আরআই/এফএইচএম/