বিশ্বকাপ শুরু হতে আর ২৪ ঘণ্টাও বাকি নেই। এর দুই দিন পর মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ। তার আগে সামাজিক মাধ্যমে রহস্যময় পোস্ট করেছেন অধিনায়ক সাকিব আল হাসান।
নিজের ভেরিভায়েড ফেসবুক পেজে সাকিব এক লাইনের এক স্ট্যাটাসে লিখেছেন, ‘এই মুখ আর দেখাবো না।’ সঙ্গে নিজের একটি সেলফিও পোস্ট করেছেন তিনি। সাকিবের এমন পোস্টের পর নেট দুনিয়া সরব হয়ে উঠেছে। সবার প্রশ্ন, আফগানিস্তানের বিপক্ষে ম্যাচের দুইদিন আগে সাকিবের কী হলো?
তবে সাকিবের এমন স্ট্যাটাস যে কাকে উদ্দেশ্য করে দেওয়া, তা এখনও স্পষ্ট না। এর আগেও রহস্যময় পোস্ট দিতে দেখা গেছে সাকিবকে। পরে দেখা গেছে, সেইসব পোস্ট ছিল বিজ্ঞাপনের অংশ।
এদিকে বুধবার সাকিব ও তামিম ইকবালকে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান নগদের নতুন বিজ্ঞাপনে একসঙ্গে দেখা গেছে। বিজ্ঞাপন চিত্রে দুই বন্ধুর আবেগী কর্মকাণ্ড ফুটে উঠেছে। সাম্প্রতিক সময়ে তামিম-সাকিবের মধ্যে প্রকাশ্যে দ্বন্দ্ব ছিল আলোচনায়।