ইংল্যান্ডকে ২৮২ রানে থামিয়েছে নিউজিল্যান্ড

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে যতটা প্রত্যাশা ছিল সেভাবে ব্যাটিং করতে পারেনি ইংল্যান্ড। তার পরেও নিউজিল্যান্ডকে ২৮৩ রানের লক্ষ্য দিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।

আহমেদাবাদে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ ছিল না ইংলিশদের। কিন্তু ব্যাটাররা গুরুত্বপূর্ণ মুহূর্তে উইকেট বিলিয়ে দেওয়ায় ছন্দ ধরে রাখতে পারেনি। ১১৮ রানে পড়েছে চতুর্থ উইকেট। ডাভিড মালান (১৪), জনি বেয়ারস্টো (৩৩), হ্যারি ব্রুক (২৫) ও মঈন আলী (১১) ইনিংস বড় করতে পারেননি। সফট ডিসমিসাল হয়েছেন বেয়ারস্টো, ব্রুক ও মঈন।

তার পরও ভালো জুটি গড়ে ধাক্কা সামাল দেওয়ার চেষ্টায় ছিলেন জো রুট ও জশ বাটলার। এই জুটিকে সম্ভাবনাময়ও মনে হচ্ছিল। রানের চাকা সচল রেখেছিল তারা। কিন্তু আক্রমণাত্মক বাটলার ৪২ বলে ৪৩ রানে আউট হলে ভাঙে ৭০ রানের জুটি। তার পর সঠিক পথে থাকেনি ইংল্যান্ডের ইনিংস। নিয়মিত বিরতিতে কিউইদের বোলিংয়ে উইকেট হারিয়েছে। লিয়াম লিভিংস্টোনও ২০ রানের বেশি করতে পারেননি। সর্বোচ্চ ৭৭ রান করা জো রুট প্রান্ত আগলে আশার সঞ্চার করছিলেন। কিন্তু অভিজ্ঞ এই ব্যাটারকে আউট করে রানের রাশও টেনে ধরে কিউই দল। রুট আউট হন দলের ২২৯ রানে। তার ৮৬ বলের ইনিংসে ছিল ৪টি চার ও ১টি ছয়।

শেষ পর্যন্ত ৯ উইকেটে রানটা ২৮২ পর্যন্ত গেছে আদিল রশিদ ও মার্ক উডের দৃঢ়তায়। ১৩ বলে ১৫ রানে অপরাজিত ছিলেন রশিদ। ১৩ রানে অপরাজিত থাকেন উড।

কিউইদের মধ্যে ৪৮ রানে তিনটি উইকেট নেন ম্যাট হেনরি। শুরু আর শেষে বুদ্ধিদীপ্ত বোলিং করেছেন তিনি। ১৭ রানে দুটি নিয়েছেন গ্লেন ফিলিপস। ৩৭ রানে দুটি নেন মিচেল স্যান্টনারও। একটি করে উইকেট নেন ট্রেন্ট বোল্ট ও রাচিন রবীন্দ্র।