তামিমকে নিয়ে করা প্রশ্নকে ‘অদ্ভুত’ বললেন হাথুরুসিংহে

আফগানিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম ম্যাচে তামিম ইকবালকে নিচে ব্যাটিং করার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেটা প্রত্যাখান করে বাঁহাতি ওপেনার বিশ্বকাপ থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা ঝাঁজালো কণ্ঠে বলেছিলেন। শেষ পর্যন্ত তাকে ছাড়াই বিশ্বকাপের দল ঘোষণা করে বিসিবির নির্বাচক কমিটি।

শনিবার আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ মিশন শুরু করবে বাংলাদেশ। ম্যাচে নামার আগে সংবাদ সম্মেলনে হাজির হন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে। সেখানেই তামিমকে নিয়ে প্রশ্ন করা হলে বিরক্ত প্রকাশ করেছেন বাংলাদেশের হেড কোচ। 

আফগানিস্তানের পেসার ফজল হক ফারুকীকে গত কয়েক ম্যাচ ধরে খেলতেই পারছিলেন না তামিম। বাঁহাতি এই ওপেনারকে তাই প্রস্তাব দেওয়া হয়েছিল এই ম্যাচে নিচের দিকে ব্যাটিং করার। স্বাভাবিকভাবেই তামিম না থাকায় ফারুকীকে সামালাতে হবে নতুন কাউকে। 

তামিম না থাকায় আফগান পেসারের বিপক্ষে বাংলাদেশ স্বস্তিতে থাকবে কিনা এমন প্রশ্নকে 'অদ্ভুত’ হিসেবে আখ্যায়িত করেছেন, ‘অদ্ভুত প্রশ্ন। আপনি এমন একজনের ব্যাপারে জানতে চেয়েছেন যে এখানে নেই। আমি জানি না এই প্রশ্নের কী উত্তর দেবো!’

ওপেনিং সম্পর্কে কোচের কাছে জানতে চাওয়া হয় আফগানিস্তানের বিপক্ষে ‘মেইকশিফট’ ওপেনার হিসেবে মিরাজ খেলবেন নাকি তরুণ ওপেনার তানজিদ তামিমকে খেলানো হবে। ওপেনিং নিয়ে করা এমন প্রশ্নে  কোচ বলেছেন, ‘আমাদের দুটি বিকল্প আছে, আপনি যেমন বলেছেন। আমরা আগামীকাল সকালে জিনিসটা নিয়ে সঠিক সিদ্ধান্ত নেওয়ার অবস্থায় থাকবো। আমরা দেখবো আগামীকাল আমরা আগে ব্যাট করবো নাকি পরে, এরপর সিদ্ধান্ত নেবো।'

নতুন বলে ফারুকী কতটা ভয়ঙ্কর সেটি জানা আছে কোচের, ‘ফারুকী ভালো বোলার। যেই তাকে খেলুক না কেন, তাতে কিছু যায় আসে না। আফগানিস্তানের জন্য কয়েক বছর ধরে ভালো করছে। যে তাকে খেলবে, তার প্রতি সম্মান দিতেই হবে।’

বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হচ্ছে আফগানিস্তানের বিপক্ষে। প্রথম ম্যাচের আগের দিন বিশ্বকাপে নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে রেখেছেন কোচ, ‘আমরা প্রত্যেকেই বিশ্বকাপ জিততে চাই। যেহেতু আপনি আমার কাছে বাস্তবসম্মত প্রত্যাশার কথা জানতে চেয়েছেন তাই বলবো, আমরা যদি চার থেকে পাঁচটি ম্যাচ জিততে পারি তাহলে সেমিফাইনালে যাওয়ার সুযোগ থাকবে। এটাই আমাদের প্রধান লক্ষ্য। সেখানে পৌঁছতে সব উপকরণ আমাদের রয়েছে, ভালো দল আছে। সেমিফাইনালে খেলা আমাদের প্রথম লক্ষ্য।’