বিশ্বকাপে ভারতের ধর্মশালার হিমাচল প্রদেশ স্টেডিয়ামের আউটফিল্ড বেশ কয়েকদিন ধরেই আলোচনায়। বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচে অল্পের জন্য চোট পাওয়া থেকে রক্ষা পেয়েছেন আফগান স্পিনার মুজিব উর রহমান। মাঠ দেখে ইংল্যান্ড অধিনায়ক জশ বাটলারও আউটফিল্ডকে বাজে তকমা দিয়েছিলেন। সতীর্থদেরও ফিল্ডিং করার ক্ষেত্রে সতর্ক করেছিলেন। শেষ পর্যন্ত কোনও ইনজুরি ছাড়া ম্যাচ শেষ করতে পারায় স্বস্তি প্রকাশ করেছেন ইংল্যান্ড অলরাউন্ডার স্যাম কারান।
বাংলাদেশের বিপক্ষে ৪৮.২ ওভার ফিল্ডিং করেছে ইংল্যান্ড। কিন্তু ধুলোময় এবং নরমপ্রকৃতির মাঠে শঙ্কা ছিল চোটে পড়ার। বল করার সময় মোস্তাফিজুর রহমানই যেমন পিছলে পড়ে গিয়েছিলেন। ফলে বাংলাদেশ ও ইংল্যান্ড দুই দলই ডিপে সতর্ক থেকে ফিল্ডিং করেছে। ঝুঁকি না নিয়ে ডাইভ এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছে। তাছাড়া আরও একটি কারণে পুরোপুরি নিশ্চিন্ত তারা! এই মাঠে আরও তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে। সেখানে কোনও ম্যাচেই প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে খেলতে হবে না। কারান তাই বলেছেন, ‘পরিস্থিতিটা খুবই বাজে। তবে আমরা এটা ভেবে আনন্দিত যে কোনও ধরনের ইনজুরি ছাড়া ম্যাচটা শেষ করতে পেরেছি। আমার মনে হয় সেটা দুই দলের জন্যই স্বস্তির। আরও একটা বিষয় গুরুত্বপূর্ণ হলো আমাদের আর এখানে খেলতে আসতে হচ্ছে না।’ইংল্যান্ড তার পর দিল্লিতে সফর করবে। রবিবার সেখানে তাদের প্রতিপক্ষ আফগানিস্তান।
এই বছর এই ধর্মশালাতেই পাঞ্জাব কিংসের হয়ে আইপিএলে খেলেছেন কারান। কিন্তু তখনকার সময়ের চেয়ে আউটফিল্ডের অবস্থা আরও বাজে! কারণ অবশ্য বৃষ্টি। তবে আউটফিল্ডের সমালোচনা করলেও উইকেটের প্রশংসা করেছেন ইংলিশ এই তারকা, ‘আউট ফিল্ড খুব বেশি ভালো না, জানি না কী হয়েছে। তবে আমার মনে হয় উইকেটটা ভীষণ ভালো ছিল।’