বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাটিং তাণ্ডব চালিয়েছিল দক্ষিণ আফ্রিকা। দুর্দান্ত এক জয়ে এবারের আসর শুরু করেছে তারা। তবে এবার তারা সেমিফাইনালে খেলতে পারবে কি না তা নিয়ে সন্দিহান সাবেক ওপেনার ল্যান্স ক্লুজনার।
আগামীকাল বৃহস্পতিবার লখনউতে তারা দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে। ভারতের কাছে হেরে বিশ্বকাপ শুরু করা অস্ট্রেলিয়ার বিপক্ষে আত্মবিশ্বাসে নিশ্চিতভাবে এগিয়ে থাকবে প্রোটিয়ারা। ক্লুজনারের মতে, প্রথম ম্যাচের মতো স্কোরবোর্ডে যথেষ্ট রান না তুলতে পারলে সেমিফাইনালে ওঠা কঠিন হবে।
সাবেক অলরাউন্ডার বললেন, ‘আমি নিশ্চিত নই যে দক্ষিণ আফ্রিকা গ্রুপ পর্ব পার হতে পারবে কি না। আমি মনে করি তারা যদি সেমিফাইনালে উঠতে চায়, তাহলে ধারাবাহিকভাবে যথেষ্ট রান স্কোরবোর্ডে তুলতে হবে। এটা তাদের জন্য চ্যালেঞ্জের, আমি খুব বেশি নিশ্চিত নই যে তারা সেমিফাইনালে পৌঁছাতে পারবে।’
ভালো দলগুলোর বিপক্ষে তিনশর বেশি রান করতে পারলে আশা দেখছেন ক্লুজনার। তার মতে, অস্ট্রেলিয়া উঠবে ফাইনালে। তিনি বলেছেন, ‘আমি মনে করি অস্ট্রেলিয়া সেমিফাইনালে উঠবে, হতে পারে ফাইনালেও। কিন্তু দক্ষিণ আফ্রিকার এতদূর যাওয়া নিয়ে আমার সংশয় আছে। তারপরও আশা করা যায়। দক্ষিণ আফ্রিকা যদি দল হিসেবে ভালো প্রতিপক্ষের বিপক্ষে তিনশর বেশি রান করে যেতে পারে তাহলে ভালো কিছু হতে পারে।’
ক্লুজনার চান, তার সন্দেহ, সংশয় দূর করে দিক এই দল। তিনি বললেন, ‘দুর্ভাগ্য কিংবা, বৃষ্টি কিংবা যে কারণেই হোক, দক্ষিণ আফ্রিকা বড় প্রতিযোগিতায় কখনও শীর্ষ পর্যায়ে যেতে পারেনি। কিন্তু আমি নিশ্চিত একটা সময় তারা পারবে। হতে পারে সেটা এই বছর, যখন কেউই, এমনকি আমিও তাদের খুব বেশি সুযোগ দেখছি না। হতে পারে তারা আমাদের অবাক করে দেবে, সেটা হবে অবিশ্বাস্য।’