বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর পেলো আফগানিস্তান  

একটা সময় তিনশ দেখতে পাচ্ছিলো আফগানিস্তান। ভারতের বোলিং শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৭২ রানে থামিয়েছে রশিদ-নবীদের।  যা বিশ্বকাপে আফগানিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ। তাদের সর্বোচ্চ স্কোরটি ২৮৮। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮৮ রান করেছিল তারা। 

দিল্লিতে ঠিক যে কারণে টস জিতে ব্যাটিং নেওয়া, তার যথাযথ প্রয়োগ করতে পেরেছেন কেবল আজমতউল্লাহ উমরজাই ও হাশমতউল্লাহ শহীদী। ৬৩ রানে তিন উইকেট পতনের পর দু’জনে মিলে ১২১ রানের জুটিতে দলকে সুবিধাজনক জায়গায় নিয়ে গেছেন।  এই জুটিই বড় স্কোরের আশা দেখাচ্ছিলো। দলের ১৮৪ রানে ওমরজাইকে বোল্ড করে জুটি ভেঙেছেন পান্ডিয়া।

ওমরজাই দায়িত্বশীল ব্যাটিংয়ে ৬৯ বলে ২ চার ও ৪ ছক্কায় ৬২ রানের ইনিংসে ফিরেছেন। তখন মাত্র ৩৪.২ ওভারের খেলা চলছিল। ফলে হাশমতউল্লাহ শহীদী থাকায় তিনশ রানের সম্ভাবনা তখনও ছিল দৃষ্টিসীমানায়। এই ব্যাটার যতক্ষণ ছিলেন পথ দেখাচ্ছিলেন তাদের। কিন্তু দলের ২২৫ রানে তাকে আউট করেই আফগানদের চেপে ধরে ভারতের বোলিং। ৮৮ বলে ৮০ রান করা অধিনায়ক শহীদীকে আউট করেছেন কুলদীপ। শহীদীর ইনিংসে ছিল ৮টি চার ও ১টি ছয়ের মার। শেষ দশ ওভারেই মূলত আফগানদের চেপে ধরে ভারত। তাতে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে নবী-রশিদরা। নিচের দিকের ব্যাটাররা সেভাবে প্রভাব বিস্তারী কিছু করতে পারেননি। নবী ২৭ বলে ১৯ রান করেছেন। রশিদ খান ১২ বলে ফিরেছেন ১৬ রানে। মেরেছেন একটি চার ও একটি ছয়। শেষ পর্যন্ত ২৭২ রানে থেমেছে আফগানদের ইনিংস।          

৩৯ রানে ৪ উইকেট নিয়ে সেরা বোলার ছিলেন জসপ্রীত বুমরা। হার্তিক পান্ডিয়া ৪৩ রানে দুটি উইকেট নিয়েছেন। একটি করে নিয়েছেন শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব।