সাম্প্রতিক পরিসংখ্যানে বাংলাদেশের পাল্লাই ভারি। চার ম্যাচের মধ্যে দক্ষিণ আফ্রিকা তিনটিতেই বাংলাদেশের কাছে হেরেছে। তার মধ্যে গত ওয়ানডে বিশ্বকাপে ২১ রানের হারটাও বড় ক্ষত হয়ে আছে প্রোটিয়াদের। বিশ্বকাপের ম্যাচের আগে প্রোটিয়া ব্যাটার এইডেন মারক্রাম জানালেন, এই বাজে রেকর্ডই ভালো করার প্রেরণা জোগাচ্ছে তাদের।
চলমান আসরে যেমন অবিশ্বাস্য ব্যাটিং পারফরম্যান্স প্রোটিয়াদের। তাতে বাংলাদেশকে হারিয়ে নিজেদের মনে রাখার মতো শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করার মঞ্চ হিসেবে দেখা হচ্ছে এই ম্যাচ। মারক্রামও ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বলেছেন, ‘সম্প্রতি আমরা তাদের বিপক্ষে খুব বেশি ভালো খেলেনি। ওই হিসেবে বলা যায় ভালো করার জন্য এটা একটা বাড়তি প্রেরণা হিসেবে কাজ করছে। যেমন পারফরম্যান্স আমরা ইংল্যান্ডের বিপক্ষে করেছি সেটার পুনরাবৃত্তি চাই আমরা।’
বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা চার ম্যাচের তিনটিতেই আগে ব্যাট করেছে। সেসব ম্যাচে বারুদে ব্যাটিং দেখা গেছে ব্যাটারদের। বিশেষ করে ইংল্যান্ডের বিপক্ষে ৩৯৯ রানের স্কোর পেতে বড় অবদান ছিল হাইনরিখ ক্লাসেনের। ৬৭ বলে ১০৯ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি। কিন্তু মুম্বাইয়ের তীব্র গরম ও আর্দ্র কন্ডিশন সব কিছু নিংড়ে নিয়েছিল তার। যার প্রভাব পড়েছিল শরীর। মারক্রাম জানালেন, ম্যাচের পর নিজেকে ফিরে পেতে সময় দিচ্ছেন তিনি, ‘ওই ইনিংসের পর সে যথেষ্ট শক্তিহীন হয়ে পড়েছিল। কন্ডিশনটা ছিল পুরোপুরি বৈরি। শরীর ব্যথা করছিল তার। কিন্তু সে পর্যাপ্ত বিশ্রাম নিয়ে সে নিজেকে ফিরে পেতে চেষ্টা করছে।’