মাহমুদউল্লাহর প্রতিভাকে বাংলাদেশ অপচয় করছে: মিসবাহ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশ তখন ম্যাচ থেকেই ছিটকে গেছে। ৪২ রানে নেই ৪ উইকেট। বিশাল পরাজয়ের শঙ্কায় সাকিব আল হাসানদের দল। দল শেষ পর্যন্ত হেরেছে যদিও। কিন্তু মাহমুদউল্লাহ রিয়াদ ৬ নম্বরে ব্যাট করতে নেমে সেই পরাজয়ের ব্যবধান কমাতে অবদান রেখেছে লড়াকু এক সেঞ্চুরিতে।

বিশ্বকাপে মাহমুদউল্লাহর ব্যাটিং খারাপ ছিল না। কিন্তু তার ব্যাটিং পজিশন নিয়ে ছিল সমালোচনা। এখন পর্যন্ত ৬, ৭  এবং ৮ নম্বরে ব্যাট করেছেন। সাবেক পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক মনে করেন, বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট মাহমুদউল্লাহ রিয়াদকে ফিনিশার হিসেবে ব্যবহার করে প্রতিভাকে অপচয় করছে। যেখানে টপ অর্ডার প্রত্যাশা মতো খেলতে পারছে না। গতকালকেও মাহমুদউল্লাহ ব্যাট করতে নামেন মুশফিকুর রহিমের আউটের পর। পাকিস্তানি টিভি ‘এ’ স্পোর্টসের অনুষ্ঠানে মিসবাহ বলেছেন, ‘সে দুর্দান্ত খেলেছে। ২০১৫ বিশ্বকাপে করেছে দুই সেঞ্চুরি। দেখা গেছে পেস বোলিংয়েও খুব দারুণ খেলে। যেসব শট খেলে সেগুলো প্রভাব বিস্তারী। বিশ্বকাপে এটা তার তৃতীয় সেঞ্চুরি। তাও আবার শক্তিশালী দলের বিপক্ষে। আমার মনে হয় সাতে খেলিয়ে তাকে অপচয় করছে বাংলাদেশ। যখন ম্যাচ শেষ, তাকে ব্যাট করতে পাঠাচ্ছে।’

বিশ্বকাপে এখন পর্যন্ত তিন ম্যাচে মাহমুদউল্লাহর স্কোর ৪১, ৪৬ ও ১১১। ফলে তার ফর্ম দেখে এভাবে বিস্ময় প্রকাশ করেছেন মিসবাহ, ‘যখন টিম ধুঁকছে। পাশাপাশি কেউ এমন দুর্দান্ত ফর্মে রয়েছে। তখন তাকে ভালো মতো ব্যবহার করা উচিত। এটা ঠিক তাকে ফিনিশার ভূমিকার জন্য রাখা হয়েছে। কিন্তু যখন দলের খুব প্রয়োজন, তখন কেন সেটা পরিবর্তন করা যাবে না।’