চার বছর আগে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ইংল্যান্ড। অথচ এই আসরে তাদের বেহাল দশা। চার ম্যাচে তিন হারের পর বৃহস্পতিবার শ্রীলঙ্কার বিপক্ষে ঘুরে দাঁড়ানোর আশা করেছিল তারা। কিন্তু প্রথম তিন ম্যাচে পরাজিত লঙ্কানরাও তাদের হারিয়ে বড় ধাক্কা দিলো। ম্যাচের পর শ্রীলঙ্কার স্পিনার মাহিশ ঠিকশানা জানালেন, বর্তমান চ্যাম্পিয়নরা তাদের গুরুত্ব দেয়নি।
৩৪ ওভারের মধ্যে ইংল্যান্ডকে ১৫৬ রানে অলআউট করে শ্রীলঙ্কা। তারপর ১৪৬ বল আগেই ৮ উইকেটে ম্যাচটি জিতে নেয় তারা। জস বাটলারের ইংল্যান্ড পাঁচ ম্যাচে চতুর্থ হারে বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায়।
অন্যদিকে শ্রীলঙ্কা টানা দ্বিতীয় জয়ে সেমিফাইনাল খেলার আশা বাঁচিয়ে রাখলো। দক্ষিণ আফ্রিকা, পাকিস্তান ও অস্ট্রেলিয়ার কাছে হারের পর নেদারল্যান্ডসের বিপক্ষে জিতে মোমেন্টাম তৈরি করে সাবেক চ্যাম্পিয়নরা।
ম্যাচ শেষে ঠিকশানা জয়ের রহস্য জানালেন, ‘আমি মনে করি তারা আমাদের দলকে গুরুত্ব দেয়নি। কারণ আমরা তিন ম্যাচ হেরেছিলাম এবং কেবল নেদারল্যান্ডসের বিপক্ষে জিতেছিলাম। আমার মনে হয়, তারা আমাদের অবমূল্যায়ন করেছিল।’
এই লঙ্কান স্পিনার আরও বলেন, ‘এ কারণে ফল আমাদের পক্ষে গেছে। আমরা আমাদের শক্তির প্রতি আস্থা রেখেছি। আমরা সহজ পরিকল্পনা নিয়ে এগিয়েছিলাম, এ কারণেই আজ আমরা জিতলাম।’