ইংল্যান্ডের ড্রেসিং রুমে অশান্তির কথা উড়িয়ে দিলেন কোচ

গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড। অথচ সেই দলটারই এমন ভরাডুবি! ৬ ম্যাচে পাঁচটি হেরে সবার নিচে অবস্থান করছে তারা। তাই প্রশ্ন ওঠা অস্বাভাবিক নয় চ্যাম্পিয়ন দলটির এমন নিষ্প্রভ পারফরম্যান্সের কারণ বুঝি অভ্যন্তরীণ কোনও বিষয়। যেমনটা করেছেন, গত আসরে ইংল্যান্ডকে শিরোপা জেতানো ইয়ন মরগান। তিনি প্রশ্ন তুলেছেন, ড্রেসিং রুমে হয়তো কোনও অশান্তি থাকতে পারে। এমন অভিযোগে তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন ইংল্যান্ডের কোচ ম্যাথিউ মট। অভিযোগ উড়িয়ে দিয়ে বলেছেন, পুরো দলটা এখনও নিখুঁত ইউনিট হিসেবে আছে।

টানা হারের পরই মরগান এমন মন্তব্য করেছিলেন। তিনি বলেছেন, কোনও সমস্যা না থাকলে এভাবে চ্যাম্পিয়ন দলটা নিজেদের ছায়া হয়ে থাকবে কেন। স্কাই স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে সাবেক ইংলিশ অধিনায়ক বলেছেন, ‘আমি কখনও কোনও দলকে এভাবে আন্ডার পারফর্ম করতে দেখিনি। বিশেষ করে যে প্রত্যাশা তাদের নিয়ে ছিল। দলের ভেতরে নিঃসন্দেহে এমন কিছু চলছে যার সুরাহা হয়নি। আমার মনে হয় এমন কিছু আছে, থাকার কথা।’

ভারতের কাছে ১০০ রানে হারের পর এমন অভিযোগ শুনতেই তীব্র প্রতিক্রিয়া জানান মট, ‘আমার মনে হয় না এমন কিছু। ফলাফল ছাড়া আমাদের ক্যাম্পে এমন কিছুর অভিযোগ কেউ করবে না। আমরা এখনও অবিশ্বাস্যভাবে একতাবদ্ধ আছি।’

তিনি জোরালোভাবে দলের একতাবদ্ধের কথা এভাবেই জানিয়েছেন, ‘আমার মতে, দলটা এখনও শক্তিশালী ইউনিট হিসেবে একতাবদ্ধ আছে। যদি অনুশীলন সেশন দেখেন, দেখবেন তারা কতটা উপভোগ করছে। একে অপরের কাঁধে হাত রাখছে, সাহায্য করছে।’

মরগানের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেছেন, ‘ইয়ন তার মত দিতেই পারে। কিন্তু সে কয়েক সপ্তাহ ধরে অনাগত সন্তানের জন্য বাইরে রয়েছে। অনেক দিন ড্রেসিং রুমেও তার যাতায়াত নেই। তবে আমি অবশ্যই বিষয়টি নিয়ে তার সঙ্গে কথা বলবো।’