শ্রীলঙ্কা, দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও পান্ডিয়াকে পাচ্ছে না ভারত

বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে গোড়ালিতে চোট পেয়ে এখনও সুস্থ হতে পারেননি হার্দিক পান্ডিয়া। ভারতের এই অলরাউন্ডার খেলতে পারবেন না পরবর্তী দুটি ম্যাচেও। ভারতের পরবর্তী দুই ম্যাচে প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও দক্ষিণ আফ্রিকা।

পান্ডিয়া ১৯ অক্টোবর বাংলাদেশের বিপক্ষে চোট পাওয়ার পর থেকে সাইড লাইনে রয়েছেন। ক্রিকইনফো জানিয়েছে, ভারতীয় টিম ম্যানেজমেন্ট তাকে দ্রুত ফেরানোর ঝুঁকিটা অন্তত নিতে চায় না। আর সেটা হতে পারে লিগ পর্বের শেষ ম্যাচ পর্যন্ত। ১২ নভেম্বর তাদের শেষ ম্যাচ নেদারল্যান্ডসের বিপক্ষে। 

বাংলাদেশ ম্যাচে বল করতে গিয়ে ডান পায়ের গোড়ালিতে চোট পান তিনি। ওই ম্যাচে তার পর আর খেলতেই পারেননি। ছিটকে যান নিউজিল্যান্ড ম্যাচ থেকেও। ২৯ অক্টোবর ইংল্যান্ড ম্যাচেই তার যোগ দেওয়ার কথা ছিল। কিন্তু লিগামেন্ট ইনজুরিতে সেই ম্যাচেও তার খেলা হয়নি। তার পর থেকে বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চলছে পান্ডিয়ার। তার অনুপস্থিতি ভারতের কম্বিনেশনে ভালোভাবেই প্রভাব ফেলেছে। সেই ঘাটতি পুষিয়ে নিতে একদিকে সূর্যকুমার যাদবকে খেলানো হচ্ছে। আরেক দিকে শার্দুল ঠাকুরকে বাদ দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ শামিকে খেলিয়েছে। ওই ম্যাচে সূর্য ২ রানে রানআউট হলেও শামি টুর্নামেন্টের প্রথম ম্যাচ খেলতে নেমে নিয়েছেন ৫ উইকেট।