বিশ্বকাপ শেষে আন্তর্জাতিক ক্রিকেটকেই বিদায় বলে দেবেন ইংল্যান্ড অলরাউন্ডার ডেভিড উইলি। অথচ তার বয়স মাত্র ৩৩ বছর! কী এমন হলো যে, টুর্নামেন্ট শেষে জাতীয় দলে আর খেলতেই চান না তিনি।
উইলির এমন সিদ্ধান্ত নেওয়ার পেছনে অভিমান কাজ করে থাকতে পারে। কিছুদিন আগে ২০২৩-২৪ চক্রের জন্য কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করেছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। সেই তালিকায় স্থান হয়নি ইংলিশ পেস বোলিং অলরাউন্ডারের। অথচ চার সপ্তাহে ভারতের বিশ্বকাপে যে ক’জন নিজেদের নামের প্রতি সুবিচার করেছেন তাদের মধ্যে অন্যতম উইলি। নিয়েছেন ৫ উইকেট। লোয়ার অর্ডারে তিনবার নেমে করেছেন ৪২ রান। কিন্তু ইসিবির ম্যানেজিং ডিরেক্টর রব কির কথায় সন্তুষ্ট হতে পারেননি তিনি। কারণ বিশ্বকাপ স্কোয়াডে একমাত্র উইলিরই ২৬ জনের কেন্দ্রীয় চুক্তির তালিকায় স্থান হয়নি।
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ থাকার পরেও এটা স্পষ্ট হয়ে উঠেছে অভিমান করে উইলি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন। ইনস্টাগ্রামেও একটু ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘আমি চাইনি এমন দিন আসুক। সেই ছোটবেলা থেকে ইংল্যান্ডের হয়ে খেলার স্বপ্ন দেখতাম। ফলে অনেক চিন্তা-ভাবনা ও বিবেচনার পর অনুশোচনার সঙ্গেই অনুভব করলাম বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর করার সময়টা চলে এসেছে।’
অবসরের ঘোষণা দিলেও শেষ তিন ম্যাচে ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চটা নিংড়ে দেওয়ার প্রতিশ্রুতি উইলির। পাশাপাশি তিনি এটাও জানিয়েছেন, ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বাজে পারফরম্যান্সের সঙ্গে তার এমন সিদ্ধান্তের কোনও সম্পর্ক নেই, ‘আমি অনুভব করি মাঠ এবং মাঠের বাইরে এখনও অনেক কিছু দেওয়ার বাকি। যেহেতু আমি নিজের সেরা ক্রিকেটটা এখন খেলছি। আমার সিদ্ধান্তের সঙ্গে বিশ্বকাপে দলের এই পারফরম্যান্সের কোনও সম্পর্ক নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও উইলি জানিয়েছেন, সংক্ষিপ্ত ফরম্যাটে ঘরে ও দেশের বাইরে খেলাটা অব্যাহত রাখবেন তিনি।
উইলি এখন পর্যন্ত ৭০টি ওয়ানডেতে ৯৪ উইকেট নিয়েছেন। ৪৩ টি-টোয়েন্টিতে নিয়েছেন ৫১টি উইকেট।