নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম গত বছরের মে মাসে ইংল্যান্ডের লাল বলের কোচ হওয়ার পর থেকে বদলে গেছে তাদের খেলার ধরন। টেস্টেও তারা টি-টোয়েন্টি স্টাইলে ব্যাটিং করে সাফল্য পেয়েছে। দর্শকরাও বেশ বিনোদন পাচ্ছে। ইংল্যান্ড দলের এই আগ্রাসী ক্রিকেট খেলার ধরনকে ‘ব্যাজবল’ নামে অভিহিত করা হয়েছে। ম্যাককালামকে বলা হয় ‘ব্যাজ’, সেখান থেকে উৎপত্তি ব্যাজবল। এবার এই শব্দটি অন্তর্ভুক্ত করা হয়েছে কলিন্স ইংলিশ ডিকশনারির এই বছরের সংস্করণে।
ব্যাজবল বাদেও এই ডিকশনারিতে যুক্ত হয়েছে আরও ৯টি নতুন শব্দ। তবে আলোচিত হচ্ছে ব্যাজবল শব্দ নিয়ে, যা বিশেষ্য হিসেবে যুক্ত করা হয়েছে। অর্থ করা হয়েছে, ‘টেস্ট ক্রিকেটের একটি পদ্ধতি, যেখানে ব্যাটিং দল প্রবল আক্রমণাত্মক খেলে ফল পাওয়ার চেষ্টা করে।’
এই শব্দটি ব্যাপকভাবে প্রচলিত হয় এই বছরের অ্যাশেজ সিরিজে, যেখানে ইংল্যান্ড ০-২ ব্যবধানে পিছিয়ে থেকেও ২-২ এ সিরিজ ড্র করেছিল।
মজার ব্যাপার হলো, ম্যাককালাম নিজেই ব্যাজবল ধারণা নিয়ে গত বছর আপত্তি জানান, ‘ব্যাজবল কী তা নিয়ে আমার কোনও ধারণা নেই। এসব নির্বোধের মতো শব্দ আমি সত্যিই পছন্দ করি না।’
ডিকশনারিতে এই শব্দের অন্তর্ভুক্তি নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটার মার্নাস লাবুশেনের কাছে জানতে চাইলে তার উত্তর, ‘আরে, এটা তো আবর্জনা। আমি সত্যিই জানি না এটা কী। আপনারা কী নিয়ে কথা বলছেন, আমার ধারণাই নেই।’