দিল্লির বায়ুদূষণ নিয়ে এবারের বিশ্বকাপে আলোচনা কম হয়নি। এবার এই প্রাকৃতিক দুর্যোগের প্রভাব পড়লো বাংলাদেশের ওপরে। আগামী ৬ নভেম্বর এই শহরে সাকিব আল হাসানরা শ্রীলঙ্কার মুখোমুখি হবে।
এই ম্যাচ সামনে রেখে শুক্রবার অনুশীলন ছিল বাংলাদেশের। কিন্তু বায়ুদূষণ উচ্চমাত্রায় পৌঁছে যাওয়ায় খেলোয়াড়দের নিরাপত্তার কথা ভেবে অনুশীলন সেশন বাতিল করা হয়েছে। এমনটা জানান টিম ডিরেক্টর খালেদ মাহমুদ।
বিশ্বকাপে নিজেদের অষ্টম ম্যাচ খেলতে বুধবার দিল্লিতে পা রাখে বাংলাদেশ। অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের নির্ধারিত প্রথম অনুশীলন সেশন বাতিল হয়ে গেলো বায়ুদূষণের কারণে। শুক্রবার সন্ধ্যায় ৬টা থেকে ৯টা পর্যন্ত এই অনুশীলন হওয়ার কথা ছিল।
বৃহস্পতিবার দিল্লিতে বায়ুদূষণের কারণে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। শহরের বিভিন্ন জায়গায় বায়ুর মান ইনডেক্স চারশ ছাড়ায়। তাতে করে সরকার দুই দিন স্কুল বন্ধ ঘোষণার পাশাপাশি কনস্ট্রাকশন কাজ ও যানবাহন চলাচলে কড়াকড়ি আরোপ করেছে।
বাংলাদেশ ও শ্রীলঙ্কার সোমবারের ম্যাচটি সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসি ও বিসিসিআইয়ের মধ্যে কোনও আলোচনা হয়নি। খালেদ মাহমুদ বলেছেন, ‘আজকে আমাদের ট্রেনিং সেশন ছিল। কিন্তু অবস্থা খারাপের দিকে যাওয়ায় আমরা সুযোগ নেইনি। আরও দুই দিন ট্রেনিংয়ের সময় আছে। কারও কারও কাশি শুরু হয়েছিল, তাই ঝুঁকি ছিল। আমরা অসুস্থ হতে চাই না। আমরা জানি না অবস্থার উন্নতি হবে কি না। কিন্তু কাল ট্রেনিং আছে। ৬ নভেম্বরের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে আমরা সব খেলোয়াড়কে ফিট চাই।’
বাংলাদেশের শনিবারের অনুশীলনও হওয়ার কথা সন্ধ্যায়। তবে রবিবার অনুশীলন শুরু হবে বেলা ২টা থেকে।