আরও একটু সময় চান নিগার

ব্যাটিং ইউনিট হিসেবে বরাবরই হতাশ করছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। বোলিং-ফিল্ডিংয়ে উন্নতি হলেও ব্যাটিংয়ে প্রত্যাশা পূরণ করতে পারছেন না। শনিবার মিরপুরে শুরু হয়েছে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ব্যাটিং ব্যর্থতায় বাংলাদেশের শুরুটা হলো হার দিয়ে। শনিবার আগে ব্যাটিং করে পাকিস্তানকে মাত্র ৮২ রানের লক্ষ্য দেয় বাংলাদেশ। জবাবে খেলতে নেমে ১৫১ বল আগেই ৫ উইকেটে জয় পায় সফরকারীরা। নারী দলের ভালো পারফরম্যান্সের অন্তরায় ব্যাটিং ব্যর্থতা। সাম্প্রতিক সময়ে ব্যাটিং নিয়ে অনেক কাজও হচ্ছে। শনিবার ম্যাচ শেষে দলের অধিনায়ক নিগার সুলতানা জানিয়েছেন, সাফল্য পেতে আরও কিছুদিন সময় লাগবে।

ম্যাচ শেষে সংবাদ মাধ্যমকে নিগার বলেছেন, ‘দেখেন, এক রাতে এটা হওয়া সম্ভব না। যখন নির্দিষ্ট কোনও বিষয় নিয়ে কাজ করা হয় দীর্ঘ মেয়াদের চিন্তা করে। বোলারদের ক্ষেত্রে ওতটা সময় না লাগলেও ব্যাটারদের জন্য সময় লাগার ব্যাপার থাকে। কারণ আমাদের সুযোগ একটাই থাকে। কাজ করছি, হয়তো এখনও দেখা যাচ্ছে না। আরও একটু সময় দিলে হয়তো আমরা দেখাতে পারবো।’

মিরপুরে এদিন টস জিতে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। কিন্তু টপ অর্ডারের ব্যর্থতায় স্কোরবোর্ডে যথেষ্ট রান তুলতে পারেনি তারা। টস জিতে ব্যাটিং করাটা ভুল সিদ্ধান্ত ছিল কিনা এমন প্রশ্নে নিগার বলেছেন, ‘দেখেন, যখন আমরা ব্যাটিংয়ে যাই; তখন আমার কাছে মনে হয়েছে এই উইকেট ২০০-২৫০ রানের উইকেট না। যদি আমরা ১৫০ রানের মতো করতে পারতাম অন্তত, তাহলে মনে হয় ওদের জন্য কঠিন হতো।’

অল্প রানে আউট হলেও বোলিংয়ে ভালো করেছেন বাংলাদেশের বোলাররা। বিশেষ করে স্পিনার নাহিদা আক্তার চাপ প্রয়োগ করতে পেরেছেন। বোলারদের প্রশংসায় পঞ্চমুখ ছিলেন অধিনায়ক, ‘বোলাররা খুব ভালো লড়াই করেছে, কারণ ৮০ রানে পাঁচটা উইকেট নেওয়া, ২৪ ওভার খেলানো; আমি বলবো যে অনেক ভালো ব্যাটিং করেছে তারা (পাকিস্তান)।’