সাত ম্যাচের সবগুলো জিতে সবার আগে বিশ্বকাপের সেমিফাইনাল নিশ্চিত করেছে ভারত। রবিবার তাদের মুখোমুখি হওয়ার আগেই দারুণ খবর পেলো দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় দল হিসেবে শেষ চারের টিকিট পেয়ে গেছে প্রোটিয়ারা।
মাঠে নামার আগেই দক্ষিণ আফ্রিকার এই প্রাপ্তিতে বড় অবদান পাকিস্তানের। নিউজিল্যান্ডকে শনিবার বৃষ্টি আইনে ২১ রানে তারা হারিয়েছে। বাবর আজমদের এই জয়ে প্রোটিয়ারা পেয়ে গেছে সেমিফাইনালের দেখা।
৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে দুই নম্বরে দক্ষিণ আফ্রিকা। শেষ দুই ম্যাচে হারলেও শীর্ষ চারেই তারা থাকবে। তাদের ১২ পয়েন্ট কেবল ছুঁতে পারবে দুটি দল, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান।
অস্ট্রেলিয়ার মতোই বর্তমানে ৮টি করে পয়েন্ট নিউজিল্যান্ড, পাকিস্তান ও আফগানিস্তানের। তবে নিউজিল্যান্ড ও পাকিস্তানের হাতে আছে কেবল এক ম্যাচ। আর ইংল্যান্ড ম্যাচ শেষে অস্ট্রেলিয়ার থাকবে দুটি খেলা। একই সংখ্যক ম্যাচ খেলার বাকি আফগানদেরও।
১৯৯২, ১৯৯৯, ২০০৭ ও ২০১৫ সালের পর এনিয়ে পঞ্চমবার বিশ্বকাপের সেমিফাইনালে উঠলো দক্ষিণ আফ্রিকা। এবার তারা প্রথমবার ফাইনালে উঠতে পারে কি না, দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।