সিদ্ধান্তটা আগেই নেওয়া ছিল। সেটা আনুষ্ঠানিকভাবে বৃহস্পতিবার দলের সবাইকে জানিয়ে দিয়েছেন অ্যালান ডোনাল্ড। বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচের পর বিদায় নিচ্ছেন বাংলাদেশ দলের বোলিং কোচ।
পুনেতে টিম মিটিংয়ের সময় লিজেন্ডারি পেসার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। এমন তথ্য জানিয়েছে ক্রিকবাজ। এক বিসিবি কর্মকর্তা ক্রিকবাজকে বলেছেন, ‘হ্যাঁ, ডোনাল্ড আমাদের জানিয়েছে সে বিশ্বকাপের পর আর কাজ করবে না।’
অবশ্য শ্রীলঙ্কা ম্যাচের পর থেকেই পরিস্থিতি জটিল হয়ে পড়েছিল। বিশ্বকাপে অ্যাঞ্জেলো ম্যাথুজকে ‘টাইমড আউট’ করাটা মোটেও ভালোভাবে নেননি বাংলাদেশের পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। যার প্রতিক্রিয়া জানিয়েছেন ক্রিকব্লগ ডটনেটকে। সেখানে বলেছেন, ‘ক্রিকেটে এমন কিছু দেখতে চাই না।’ কিন্তু টিম ম্যানেজমেন্টের অংশ হয়েও দলের বিরুদ্ধে মত দেওয়ায় তার ওপর চটেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই ঘটনায় তাকে কারণ দর্শাতেও বলে বিসিবি।
ক্রিকইনফোকে বিসিবির এক কর্মকর্তা বলেছেন, ‘সে তার ব্যক্তিগত মত পরে কোনও সময় দিতে পারতো। কারণ সে টিম ম্যানেজমেন্টেরই অংশ। ফলে কোনও দল যখন কোনও সিদ্ধান্ত নেয়; এর বিরুদ্ধে জনসম্মুখে মন্তব্য করা মানে কোড অব কন্ডাক্ট ভাঙা। সে বিষয়টা নিয়ে দলের মাঝে কথা বলতে পারতো। কিংবা বিসিবিকেও জানাতো পারতো। কিন্তু এভাবে জনসম্মুখে নয়।’
ডোনাল্ডের এমন মন্তব্যে বিসিবি প্রতিক্রিয়া জানাবে এটা অনুমিতই ছিল। কিন্তু বিসিবি কোনও ধরনের কড়া পদক্ষেপ নেবে না। কারণ চুক্তি অনুসারে ডোনাল্ডের সঙ্গে এটাই বাংলাদেশ দলের শেষ অ্যাসাইনমেন্ট। তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন, বিশ্বকাপের পর চুক্তি শেষ হতেই আর কাজ করতে চান না। ডোনাল্ড এই পদে দায়িত্ব পেয়েছেন ২০২২ সালে বাংলাদেশের দক্ষিণ আফ্রিকা সফরে। তার পর থেকে বাংলাদেশের পেস বোলিং ইউনিট প্রশংসনীয় উন্নতি লাভ করেছে তার অধীনে।