অসম্ভব সমীকরণের সামনে দাঁড়িয়ে ব্যাটিংয়ে আফগানিস্তান

এই বিশ্বকাপে নিজেদের ক্রিকেট ইতিহাসে অবিশ্বাস্য সাফল্য পেয়েছে আফগানিস্তান। তাতে সেমিফাইনালের স্বপ্নও একসময় দেখতে  শুরু করেছিল তারা, যা কার্যত শেষ হয়ে গেছে নিউজিল্যান্ডের বড় জয়ে। এখনও কাগজে কলমে শেষ চারে তাদের খেলার আশা টিকে আছে, কিন্তু অসম্ভব এক সমীকরণ পার করতে হবে তাদের। শুক্রবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জিততে হবে ৪৩৮ রানে।

এই কঠিন সমীকরণের সামনে দাঁড়িয়ে টসে জিতে ব্যাটিং নিয়েছে আফগানিস্তান। আগের ম্যাচে অস্ট্রেলিয়াকে প্রায় হারিয়েই দিয়েছিল তারা। কিন্তু গ্লেন ম্যাক্সওয়েলের অতিমানবীয় ব্যাটিংয়ে নাটকীয়ভাবে পরাজয় বরণ করতে হয় তাদের। বাস্তব ব্যাপার হলো, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৩৮ রানে জেতা কস্মিনকালেও সম্ভব নয়। তবে আরেকটি জায়ান্টবধের সুখস্মৃতি নিয়ে দেশে ফিরতে পারে তারা। এরই মধ্যে দলটি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা নিশ্চিত করেছে।

এই ম্যাচের আগে কাগিসো রাবাদাকে শততম ওয়ানডের স্মারক হিসেবে ক্যাপ তুলে দেন সাবেক প্রোটিয়া গ্রেট শন পোলক। দক্ষিণ আফ্রিকা দলে দুটি পরিবর্তন। মার্কো ইয়ানসেন ও তাবরাইজ শামসিকে সেমিফাইনালের আগে বিশ্রাম দেওয়া হয়েছে। জেরাল্ড কোয়েটজে ও অ্যান্ডাইল ফেলুকোয়ায়োকে একাদশে রাখা হয়েছে। আগের ১১ জনকে নিয়ে মাঠে নামছে আফগানিস্তান।

আফগানিস্তান একাদশ: রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতউল্লাহ শহীদী (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, ইকরাম আলিখিল (উইকেটকিপার), মোহাম্মদ নবী, রশিদ খান, মুজিব উর রহমান, নুর আহমেদ, নাভিন উল হক।

দক্ষিণ আফ্রিকা একাদশ: কুইন্টন ডি কক (উইকেটকিপার), টেম্বা বাভুমা (অধিনায়ক), রাস ফন ডার ডুসেন, এইডেন মারক্রাম, আইনরিখ ক্লাসেন, ডেভিড মিলার, অ্যান্ডাইল ফেলুকোয়ায়ো, জেরাল্ড কোয়েটজে, কেশভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।