বাংলাদেশের বিপক্ষে কি খেলবেন ম্যাক্সওয়েল?

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা ইনিংসের দেখা মিলেছিল অস্ট্রেলিয়া ও আফগানিস্তান ম্যাচে, যার স্রষ্টা গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ান ব্যাটার অতিমানবীয় পারফরম্যান্স করে আফগানিস্তানের কাছ থেকে জয় ছিনিয় আনেন। প্রথমবারের মতো রান তাড়া করতে নেমে কারও ব্যাট থেকে এলো ডাবল সেঞ্চুরি। অনবদ্য এক ইনিংস খেলে প্রশংসিত হচ্ছে ম্যাক্সওয়েল। এমনকি পায়ের তীব্র ব্যথা নিয়েও বুক চিতিয়ে লড়াই করেছেন তিনি। আফগানদের ওই ম্যাচে হারিয়ে এরই মধ্যে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেমিফাইনাল নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। বাংলাদেশের বিপক্ষে তাদের প্রথম পর্বের শেষ ম্যাচ কেবলই নিয়মরক্ষার। বীরোচিত ইনিংস খেলা ম্যাক্সওয়েলকে এই ম্যাচে পাওয়া নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

দলের স্পিন কোচ ড্যানিয়েল ভেট্টরি জানান, এখনই বলা যাবে না ম্যাক্সওয়েল খেলবেন না। ম্যাচের দিনে তিনি কতটা সুস্থতা অনুভব করছেন, তার ওপর নির্ভর করছে এই অলরাউন্ডারের অংশগ্রহণ।

বাংলাদেশের বিপক্ষে শনিবার অস্ট্রেলিয়ার ম্যাচ সামনে রেখে ভেট্টরি বলেছেন, ‘গত কয়েকদিন ধরে সে পুরোপুরি সুস্থ হওয়ার প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে। ওই ইনিংসের প্রভাব ও উত্তাপ আমরা সবাই দেখেছি। আজ বড় দিন, দেখি সে কী অবস্থায় ফেরে। আমরা বেশ কয়েকদিন ধরে ট্রেনিং করছি না। আজও এখানে সে নেই। কিন্তু আমরা দেখবো সে ম্যাচের আগ পর্যন্ত কেমন অনুভব করে। হ্যাঁ, এটা ঠিক যে গত কয়েকদিন তার জন্য কঠিন ছিল।’