ব্যস্ত সূচির মধ্যে দিয়ে যাচ্ছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত হওয়ার কারণে একের পর খেলা তাদের সামনে। পাকিস্তানের বিপক্ষে সিরিজ শেষ হতেই বাংলাদেশ যাবে দক্ষিণ আফ্রিকায়। এই সিরিজটিও আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অংশ। এই সফরে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে নিগার সুলতানা জ্যোতির দল। এই সিরিজের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ওয়ানডে ও টি-টোয়েন্টির জন্য একসাথেই ১৬ জনের দল ঘোষণা করেছে বিসিবি। সঙ্গে স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে ৪ ক্রিকেটারকে। এই দলে এবারও জায়গা পাননি অভিজ্ঞ দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন। তবে পাকিস্তান সিরিজ থেকে বাদ পড়েছেন নিশিতা আক্তার, তবে স্ট্যান্ডবাই রাখা হয়েছে তাকে। ফিরেছেন লতা মণ্ডল।
আগামী ২৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার উদ্দেশে দেশ ত্যাগ করবে বাংলাদেশের মেয়েরা। ৩ ডিসেম্বর শুরু টি-টোয়েন্টি সিরিজ। ওয়ানডে সিরিজ হবে ১৬ ডিসেম্বর থেকে। দুই সিরিজের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবেন নিগাররা। বাকি দুটি টি-টোয়েন্টি ৬ ও ৮ ডিসেম্বর। ওয়ানডের শেষ দুটি ম্যাচ ২০ ও ২৩ ডিসেম্বর।
পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জেতায় পয়েন্ট টেবিলের ষষ্ঠ স্থানে উঠে বিশ্বকাপে সরাসরি খেলার সুবাস পাচ্ছে বাংলাদেশ।
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল: নিগার সুলতানা (অধিনায়ক), নাহিদা আক্তার (সহ-অধিনায়ক), শামীমা সুলতানা, মুর্শিদা খাতুন, সোবহানা মোস্তারি, ফারজানা হক, লতা মণ্ডল, স্বর্ণা আক্তার, রিতু মনি, শরীফা খাতুন, সুমাইয়া আক্তার, রাবেয়া খান, সুলতানা খাতুন, ফাহিমা খাতুন, মারুফা আক্তার ও দিশা বিশ্বাস।
স্ট্যান্ডবাই: শারমিন আক্তার, সানজিদা আক্তার, ফারিহা ইসলাম ও নিশিতা আক্তার।