ভারতকে হারানো অসম্ভব নয়: ফার্গুসন

এই বিশ্বকাপে দাপট দেখালো ভারত। একের পর এক ৯ ম্যাচ জিতে এখন পর্যন্ত অপ্রতিরোধ্য তারা। যে নিউজিল্যান্ডের বিপক্ষে দীর্ঘদিন আইসিসি টুর্নামেন্টে জিততে পারেনি, সেই দলকেও ছাড় দেয়নি লিগ পর্বের ম্যাচে। আবার তারা মুখোমুখি হচ্ছে সেমিফাইনালে। কিউইদের বিপক্ষে নকআউটের গেরো কাটাতে ভারত প্রেরণা নিচ্ছে সপ্তাহখানেক আগে পাওয়া জয় থেকে। দোর্দণ্ড প্রতাপ দেখালেও স্বাগতিককে হারানো অসম্ভব নয় মনে করছেন নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুসন।

সাংবাদিকদের ফার্গুসন বললেন, ‘আমরা কয়েকটা ম্যাচ বেশ কাছে গিয়ে হেরেছি, বড় ব্যবধানে হেরেছি তা কিন্তু নয়। পাকিস্তানের কাছে হেরে গিয়েছিলাম ডাকওয়ার্থ লুইস নিয়মে। তাই বলে আমাদের মনোবল কমেনি। কারণ, আমরা ভালো ক্রিকেট খেলেছি। একই খেলা সেমিফাইনালে খেলতে চাই। ভারত কঠিন প্রতিপক্ষ, তবে তাদের হারানো অসম্ভব নয়।’

ভারতের ক্রিকেটারদের জন্য নিউজিল্যান্ড পরিকল্পনা করে রেখেছে বললেন এই পেসার, ‘নক আউটে ওঠা চারটি দলই শক্তিশালী। প্রতিটি দলে ভালো ক্রিকেটার আছে। লিগ পর্বে ভারতের কাছে হেরেছিলাম, সেটা ভুলে যাইনি। তাদের শক্তি ও দুর্বলতা সম্পর্কে আমরা ভালোভাবে জানি। সেভাবে পরিকল্পনা করেছি, প্রত্যেকের জন্য আলাদা আলাদা। সেগুলো মাঠে প্রয়োগের চেষ্টা করবো।’