আশিকুরের সেঞ্চুরিতে জয়ে ফিরেছে বাংলাদেশের যুবারা

হার দিয়ে চার দলের টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। তবে দ্বিতীয় ম্যাচে এসে জয়ে ফিরেছে যুবারা। আশিকুর রহমান শিবলির সেঞ্চুরি ও চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের হাফ সেঞ্চুরিতে ভারত ‘বি’ দলকে সাত উইকেটে হারায় বাংলাদেশ।

আগে ব্যাটিং করে ভারত ‘বি’ দল দারুণ শুরু করে। ওপেনিং জুটিতে তারা সংগ্রহ করে ১২২ রান। তবে বাংলাদেশের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে ৪৭.৩ ওভারে ২৪৩ রানে অলআউট হয় স্বাগতিকরা। দলের হয়ে সর্বোচ্চ ৭৫ রানের ইনিংস খেলেন ওপেনার বৈভব সূর্যবংশী। এছাড়া আরেক ওপেনার রুদ্র ময়ুর প্যাটেলের ব্যাট থেকে আসে ৬৪ রানের ইনিংস। আর তাতেই বাংলাদেশকে ২৪৪ রানের লক্ষ্য দিতে পারে ভারত।

বাংলাদেশের বোলারদের মধ্যে ইকবাল হোসেন সর্বোচ্চ তিনটি উইকেট নিয়েছেন। দুটি করে উইকেট নেন মারুফ মৃদা ও ওয়াইসি সিদ্দিকী। 

লক্ষ্যে খেলতে নেমে ১৮ রানে ওপেনার জিসান আলম সাজঘরে ফেরেন। এরপর দ্বিতীয় উইকেটে আশিকুর রহমান ও চৌধুরী রিজওয়ান মিলে ২০২ রানের জুটি গড়ে দলর জয় নিশ্চিত করে ফেলেন। আশিকুর ১৩১ বলে ১৩৫ রানের ইনিংস খেলে যখন আউট হয়, বাংলাদেশ তখন জয়ের সুবাস পেতে শুরু করে। ১২ চার ও ৫ ছক্কায় আশিকুর নিজের ইনিংসটি সাজান। এরপর আরিফুল রানের খাতা না খুলে আউট হলেও জয় পেতে সমস্যা হয়নি বাংলাদেশের। ৩ উইকেট হারিয়ে ৩৭ বল আগেই জয় নিশ্চিত করে। রিজওয়ান ১০৯ বলে ৮৫ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন।

বাংলাদেশের পরবর্তী ম্যাচ আগামী শুক্রবার। এরপর ২০, ২২ ও ২৪ নভেম্বর বাকি ম্যাচগুলো। আগামী ২৭ নভেম্বর হবে ফাইনাল। একই দিনে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ। পর দিনই দেশে ফিরবে যুবারা। দেশে ফিরে এক সপ্তাহের মধ্যেই এশিয়া কাপ খেলতে দুবাই যাবে বাংলাদেশ দল।

/আরআই/এফএইচএম/