সংবাদমাধ্যমের দাবি

ভারতের হয়ে আর টি-টোয়েন্টি খেলবেন না রোহিত!

আইসিসির ইভেন্টে একটি ট্রফির জন্য হাহাকার এবারও ফুরালো না। আগামী বছর আছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। স্বাভাবিকভাবে সেদিকেই চোখ তাদের। কিন্তু সেই যাত্রায় রোহিত শর্মাকে পাবে না মেন ইন ব্লুরা। কারণ গত বছর নভেম্বরে ভারতের হয়ে শেষ টি-টোয়েন্টি খেলে ফেলেছেন এই ওপেনার!

বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) সূত্রমতে, সদ্য শেষ হওয়া ওয়ানডে বিশ্বকাপের আগেই ছোট ফরম্যাটে নিজের ভবিষ্যৎ নির্ধারণ করে ফেলেন রোহিত।

বিভিন্ন সংবাদমাধ্যমের এই দাবি ফেলে দেওয়ার নয়। কারণ গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতের বিদায়ের পর থেকে আর এই সংস্করণে খেলেননি রোহিত।

তারপর থেকে টি-টোয়েন্টিতে বেশিরভাগ সময় নেতৃত্ব দিচ্ছেন হার্দিক পান্ডিয়া। আর রোহিতের জায়গা নিতে আছেন চার ওপেনার- শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, ইশান কিষাণ ও রুতুরাজ গায়কোয়ার, প্রত্যেকে আইপিএলে প্রতিষ্ঠিত পারফর্মার। তাদের কেউ পারফরম্যান্স করতে ব্যর্থ হলে বিসিসিআই কিংবা নির্বাচকরা রোহিতকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করবেন।

সংবাদ সংস্থা পিটিআইকে নাম প্রকাশ না করার শর্তে বিসিসিআই সূত্র বলেছেন, ‘এটা নতুন কোনও বিষয় নয়। ওয়ানডে বিশ্বকাপে মনোযোগ দিতে গত এক বছর ধরে কোনও টি-টোয়েন্টি খেলেননি রোহিত। এনিয়ে নির্বাচক সভাপতি অজিত আগারকারের সঙ্গে বিশদ আলোচনা করেছেন তিনি। স্বেচ্ছায় আন্তর্জাতিক টি-টোয়েন্টি থেকে দূরে গেছেন তিনি। এটা পুরোপুরি রোহিতের সিদ্ধান্ত।’

৩৬ বছর বয়সী অধিনায়ক রোহিত ১৪৮ টি-টোয়েন্টি খেলে প্রায় ১৪০ স্ট্রাইক রেটে ৩৮৫৩ রান করেছেন।