আইপিএল

স্টোকসের পথে হাঁটলেন রুট

কদিন আগে বেন স্টোকস আগামী বছরের আইপিএলে না খেলার ঘোষণা দেন। একই পথ অনুসরণ করলেন আরেক ইংলিশ তারকা। রিটেনশন ও রিলিজের ডেডলাইন আজ রবিবার। আগের দিন শনিবার জো রুট জানিয়ে দিলেন, পরের আসরে খেলবেন না তিনি। তার ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালস এক বিবৃতিতে এই খবর নিশ্চিত করেছে।

গত বছর রাজস্থানের হয়ে আইপিএলে অভিষেক হয়েছিল রুটের। মাত্র তিনটি ম্যাচে খেলেন তিনি। তার মধ্যে কেবল এক ইনিংসে ব্যাট করেন। জয়পুরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে করেন মাত্র ১০ রান।

রাজস্থানের ডিরেক্টর অব ক্রিকেট কুমার সাঙ্গাকারা বলেছেন, ‘আমাদের রিটেনশন নিয়ে আলাপচারিতার সময় জো ২০২৪ আইপিএলে অংশ না নেওয়ার সিদ্ধান্তের কথা জানিয়েছে। অল্প সময় হলেও জো ফ্র্যাঞ্চাইজি ও তার আশপাশের খেলোয়াড়দের ওপর ইতিবাচক প্রভাব তৈরি করেছিল। রয়্যালসে তার অভিজ্ঞতার অভাব বোধ হবে। আমরা তার সিদ্ধান্তকে সম্মান করি এবং ভবিষ্যতে তার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি।’