এবার বরখাস্ত হলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী

শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডে (এসএলসি) দুর্নীতির অভিযোগ করে আসছিলেন লঙ্কান ক্রীড়ামন্ত্রী রোশান রানাসিংহে। তার জন্য পদক্ষেপও নিয়েছিলেন। বোর্ডে তার সরাসরি হস্তক্ষেপের কারণে আইসিসির পক্ষ থেকে শাস্তিও পেয়েছে এসএলসি। লঙ্কানদের সাময়িকভাবে নিষেধাজ্ঞা করা হয়েছে। এবার নতুন ঘটনায় লঙ্কান ক্রীড়ামন্ত্রীকে বরখাস্ত করেছেন দেশটির প্রেসিডেন্ট রনিল বিক্রমাসিংহে।

এই ঘটনাটিও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড সংশ্লিষ্ট! রোশান রানাসিংহে অভিযোগ করেছেন, ক্রিকেট বোর্ডে দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালানোয় শ্রীলঙ্কান প্রেসিডেন্ট তাকে হত্যার চেষ্টা চালাচ্ছেন।

আহ সংসদে রানাসিংহে অভিযোগ করেন, তাকে হত্যা করা হলে বিক্রমাসিংহে সেজন্য দায়ী থাকবেন। এমন বক্তব্যের পরই বরখাস্ত করা হয় তাকে। সংসদে রানাসিংহে বলেছেন, ‘আমি আশঙ্কা করছি, ক্রিকেট বোর্ডকে দুর্নীতিমুক্ত করার জন্য আমাকে হত্যা করা হতে পারে। যদি রাস্তায় আমাকে হত্যা করা হয়, তাহলে প্রেসিডেন্ট ও তার চিফ অব স্টাফ দায়ী থাকবেন।’  

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সাপ্তাহিক ক্যাবিনেট মিটিংয়ের আগ মুহূর্তে ক্রীড়ামন্ত্রীকে বরখাস্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়।

অবশ্য রানা সিংহের অভিযোগের পর শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনও প্রতিক্রিয়া আসেনি। তার কার্যালয় থেকে শুধু ক্রীড়ামন্ত্রীকে বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।