টি-টোয়েন্টি ক্রিকেটে নামিবিয়া যে ফেলে দেওয়ার মতো দল না, সেটা তারা আবারও প্রমাণ করলো। টানা তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বে আফ্রিকান দেশটি নাম লিখিয়েছে। শুধু কি তাই? আফ্রিকান বাছাই পর্ব থেকে প্রথম দল হিসেবে তারা মূল পর্বে টিকিট কেটেছে।
সর্বশেষ মঙ্গলবার তানজানিয়াকে ৫৮ রানে হারিয়ে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে। আফ্রিকান বাছাই পর্বের স্বাগতিক দলটি টুর্নামেন্টে একমাত্র অপরাজিত।
দলীয় প্রচেষ্টায় ১৫৭ রান তোলার পর নামিবিয়ার বোলাররা পথটা কঠিন করে তোলে তানজানিয়ার। ৬ উইকেটে তানজানিয়া ৯৯ রান তুলতে পেরেছে।
২০২১ সালে প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এসেই চমক দেখিয়েছিল নামিবিয়া। প্রথম পর্ব পার করেছিল। গতবার অবশ্য সেটি করতে পারেনি।
আফ্রিকান বাছাই পর্ব থেকে দুটি দল মূল পর্বে খেলতে পারবে। নামিবিয়া এরই মধ্যে একটি স্পট নিশ্চিত করেছে। বাকিটির জন্য লড়াইয়ে আছে উগান্ডা ও কেনিয়া। ৪ ম্যাচে তাদের ৬ পয়েন্ট। টুর্নামেন্টে আইসিসির একমাত্র পূর্ণ সদস্য দেশ হিসেবে থাকা জিম্বাবুয়েরও ক্ষীণ সম্ভাবনা আছে। তবে সেটি নির্ভর করছে নানা যদি কিন্তুর ওপর।