নিউজিল্যান্ডকে উড়িয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে ‘ফাইনালের পজিশনে’ বাংলাদেশ

নিউজিল্যান্ডের বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২০২৫ চক্রে দুই দলের জন্যই এটা ছিল প্রথম ম্যাচ। প্রথম আসরের চ্যাম্পিয়নকে উড়িয়ে দিয়ে বাংলাদেশ বিরাট সাফল্য পেয়েছে। পয়েন্ট টেবিলে এক লাফে তারা ফাইনালের পজিশনে উঠে গেছে। দুই নম্বরে বাংলাদেশ। পয়েন্ট শতাংশ পাকিস্তান ও তাদের সমান ১০০। ২০২৫ সালের জুনে টেবিলের দুই শীর্ষ দল ফাইনালে মুখোমুখি হবে।  

নবম স্থানে থেকে গত দুই আসর শেষ করা  বাংলাদেশকে অবশ্য আরও লম্বা ও চ্যালেঞ্জিং পথ পাড়ি দিতে হবে। মিরপুরে তারা নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের শেষ টেস্ট খেলবে তারা। আগামী দুই বছরে তারপর আরও ১০ ম্যাচ খেলবে বাংলাদেশ। হোম ম্যাচ খেলবে দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার সঙ্গে। এছাড়া ভারত, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের মাঠে খেলবে বাংলাদেশ।

সিলেটে জয়ের মঞ্চ আগের দিনই প্রস্তুত করে রেখেছিল বাংলাদেশ। পঞ্চম ও শেষ দিনে বাকি ছিল আনুষ্ঠানিকতা। তবে এই আনুষ্ঠানিকতা সারতে খুব বেশিক্ষণ সময়ও নেয়নি শান্ত বাহিনী। প্রথম সেশন শেষ হওয়ার বেশ আগেই নিউজিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্রটি জয়ে শুরু করলো বাংলাদেশ দল। অধিনায়ক হিসেবে প্রথম অ্যাসাইনমেন্টেই বাজিমাত করলেন শান্ত। কিউইদের সঙ্গে ঘরের মাঠে সাদা বলের ক্রিকেটে অনেক সাফল্য থাকলেও এই প্রথম টেস্ট জিতলো স্বাগতিক বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৫০ রানের জয় তুলে নিয়েছে তারা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ টেস্টে বাংলাদেশের এটি দ্বিতীয় জয়, দেশের মাটিতে প্রথম। এর আগে এখানে দুই দলের ছয় টেস্টের তিনটি জিতেছিল নিউজিল্যান্ড, বাকি তিনটি ড্র হয়েছিল।