ধর্মশালায় ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে অনিশ্চয়তা

আগামী ১৯ মার্চ টি-টোয়েন্ট বিশ্বকাপে ভারত বনাম পাকিস্তান ম্যাচটি ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা। তবে ঘরোয়া রাজনীতির শিকার হয়ে ভেস্তে যেতে বসেছে ম্যাচটি!India-Pakistan-fans
মঙ্গলবার সকলকে অবাক করে দিয়ে হিমাচল প্রদেশ সরকার ভারতের কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিয়েছে, তারা ভারত-পাক ম্যাচ আয়োজন করতে পারবে না। অজুহাত হিসেবে দেখানো হয়েছে নিরাপত্তাকে। তবে বিজেপি নেতা ও বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুরের মতে বিজেপিকে বিপদে ফেলতে এমন সিদ্ধান্ত নিয়েছে হিমাচল প্রদেশে ক্ষমতাসীন কংগ্রেস সরকার।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী বীরভদ্র সিং ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে চিঠি লিখে জানিয়েছে, ধর্মশালায় ভারত বনাম পাকিস্তান ম্যাচটি তারা আয়োজন করতে পারবেন না। কারণ পর্যাপ্ত নিরাপত্তারক্ষী নেই রাজ্য সরকারের।

বিসিসিআইকে লেখা চিঠিতে হিমাচল প্রদেশ কংগ্রেস আবেদন করেছে ম্যাচটি বাতিল করার। অন্যথায় ম্যাচটি সরিয়ে নিয়ে যাওয়ার আবেদনও করা হয়েছে। বলা হয়েছে, কার্গিলের শহীদ ক্যাপ্টেন বিক্রম বাত্রা এবং ক্যাপ্টেন সৌরভ কালিয়ার বাড়ি হিমাচল প্রদেশে। এ ছাড়াও বহু শহীদের বাড়িও ওই রাজ্যে। তাই পাকিস্তানকে এখানে খেলতে দেওয়া ঠিক হবে না।

এ বিষয়ে বিসিসিআই সেক্রেটারি অনুরাগ ঠাকুর বলেন, 'এটা কংগ্রেসের রাজনৈতিক চাল। একবছর আগে ভেন্যু ঠিক হয়ে গিয়েছিল। ছয় মাস আগে জানিয়ে দেওয়া হয়েছিল, কোন ম্যাচ কোথায় হবে। ক্রিকেটপ্রেমী থেকে শুরু করে সাংবাদিক, সকলেই বুকিং সেরে ফেলেছেন। এই অবস্থায় একেবারে শেষ মুহূর্তে ম্যাচ সরিয়ে নেওয়ার অর্থ বিসিসিআইকে বিপদে ফেলা। এতে দেশেরও দুর্নাম।' ধারণা করা হচ্ছে, ধর্মশালা থেকে ম্যাচটি সরিয়ে কলকাতার ইডেন গার্ডেনে আনা হতে পারে!

/এমআর/