বলের আঘাতে রক্ত ঝরলো নাঈমের

ঢাকা টেস্ট শুরুর আগে বাংলাদেশ শিবিরে ইনজুরির হানা। মঙ্গলবার অনুশীলনে নেমে চোটে পড়েছেন অফস্পিনার নাঈম হাসান। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ইনডোরে ব্যাটিং অনুশীলনের সময় ডান হাতের তর্জনীতে বল লাগে তার। এ সময় নাঈমের আঙুল দিয়ে রক্ত বের হতে থাকে। নেট থেকে বেরিয়ে কিছুক্ষণ প্রাথমিক চিকিৎসাও নেন তিনি। এরপর আর অনুশীলন না করলেও বিসিবির মেডিক্যাল বিভাগ জানিয়েছে শঙ্কা মুক্ত নাঈম।
 
সিলেট টেস্ট দিয়ে জাতীয় দলে ফেরা নাঈমের মিরপুর টেস্টেও তৃতীয় স্পিনার হিসেবে খেলার কথা। তাৎক্ষণিক ভাবে জানা গেছে ছোট অতটা গুরুতর নয়। তবে ব্যথা থাকলে হয়তো ঢাকা টেস্টে তাকে নিয়ে ঝুঁকি নেবে না টিম ম্যানেজমেন্ট।
 
সিলেটে খুব বেশি উইকেট না পেলেও কার্যকরী ভূমিকা রেখেছিলেন এই অফস্পিনার। এক প্রান্তে তার চাপেই অন্য প্রান্ত থেকে উইকেট নিয়েছেন তাইজুল। বাঁহাতি তাইজুল ম্যাচ শেষে তেমনটাই জানিয়েছিলেন। নাঈম দুই ইনিংস মিলিয়ে ৩ উইকেট নেন।

জাতীয় লিগে ভালো করে দীর্ঘদিন পর টেস্ট স্কোয়াডে ফেরেন নাঈম। প্রথম টেস্টে দারুণ বোলিংয়ের পর কোচের প্রশংসাও পেয়েছেন। মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে নাঈমকে প্রশংসায় ভাসিয়েছেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে, ‘সে এনসিএলের সর্বোচ্চ উইকেট শিকারি ছিল। সে আত্মবিশ্বাসী এখন, ভালো ছন্দে বোলিংও করছে । সে তার ভূমিকা নিখুঁতভাবে পালন করেছে। বিভিন্ন সময়ে সে রক্ষণাত্মক বোলার ছিল, কখনো কখনো সে আক্রমণও করেছে। সে ব্যাটারদের মনে অনেক সন্দেহ তৈরি করেছিল। কেন উইলিয়ামসনকে সে ভুগিয়েছে, তার ফলটাও পেয়ে যাচ্ছিল। তাকে নিয়ে আমি বেশ সন্তুষ্ট।’