টাইগারদের পারফরম্যান্সে সন্তুষ্ট হাথুরুসিংহে

হাথুরুসিংহেটি-টোয়েন্টি ফরম্যাটের ক্রিকেটে ভালো করছিল না বাংলাদেশ। যে কারণে র‌্যাঙ্কিংয়ে আফগানিস্তানের নিচে টাইগারদের অবস্থান। গত রবিবার শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত এক জয় তুলে নতুন করে এই ফরম্যাটের ক্রিকেটেও স্বপ্ন দেখছে বাংলাদেশ! শিষ্যদের এমন পারফরম্যান্সে দারুণ খুশি কোচ হাথুরুসিংহে।
টুর্নামেন্টের পরের ম্যাচগুলোতেও দলের কাছ থেকে ধারাবাহিক পারফরম্যান্স আশা করছেন এ লঙ্কান কোচ। মঙ্গলবার মিরপুরে বাংলাদেশের অনুশীলনের পর হাথুরুসিংহে সাংবাদিকদের বলেন, ‘আমরা গত কিছুদিনে এমন অনেক কিছু করেছি, যা আগে করিনি। আমরা আগে শ্রীলঙ্কাকে টি-টোয়েন্টিতে হারাইনি, সেটা এবার করেছি।’

টুর্নামেন্টে নামার আগে দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট হাথুরুসিংহে। টাইগার কোচ বলেন, ‘আমাদের রেকর্ড বলে, আমরা এই ফরম্যাটে ভালো না; যে জন্য আমরা দশ নম্বরে আছি। আপনারা যদি পারফরম্যান্স দেখেন, রেকর্ডটা দিনকে দিন ভালো হচ্ছে।’

পিএসএলের পর এশিয়া কাপের শুরুতেও সাকিব আল হাসান ছন্দ পাচ্ছিলেন না ব্যাটে বলে। শ্রীলঙ্কার বিরুদ্ধে সাকিবের ফর্মে ফিরে আসাটা দলের জন্য স্বস্তির বিষয়। হাথুরুসিংহে বলেন, ‘আমার ধারণা সাকিব অসাধারণ খেলছে। গত ম্যাচে সাব্বিরের সঙ্গে তার জুটিটাই ছিলো মূল ব্যাপার। সে যে জয়াসুরিয়ার উইকেট নিলো, ওটাও ছিলো টার্নিং পয়েন্ট। ওরা একটা জুটি করে ফেলছিলো।'

/আরআই/এমআর/