অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ

ফাইনালে যেতে বাংলাদেশকে করতে হবে ১৮৯ রান

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ সেমিফাইনালে ভারতকে ১৮৮ রানে অলআউট করেছে বাংলাদেশ। ফাইনালে যেতে তাদের করতে হবে ১৮৯ রান।

টসে জিতে বোলিং নিয়ে স্বপ্নের মতো শুরু হয়েছিল বাংলাদেশের। সপ্তম ওভার শেষ হওয়ার আগেই ১৩ রানে ৩ উইকেট হারায় ভারত। সবগুলো উইকেট নেন মারুফ মৃধা। 

এই ধাক্কা ভারত কাটিয়ে ওঠার আগেই রোহানাত দৌলা বর্ষণ ফেরান শচীন দাস (১৬) ও প্রিয়াংশু মলিয়াকে (১৯)। আরাভেলি আভানিশ দুই বল খেলে কোনও রান যোগ করতে পারেননি, রান আউট হয়ে ষষ্ঠ ব্যাটার হিসেবে দলীয় ৬১ রানে প্যাভিলিয়নে ফেরেন।

সপ্তম উইকেটে প্রতিরোধ গড়েন মুশির খান ও মুরুগান অভিষেক। বাংলাদেশ এই জুটি ভাঙতে মরিয়া ছিল। অবশেষে সাফল্য মেলে ৩৪তম ওভারে। ফিফটি করার দুই বল পর মাহফুজুর রহমানের শিকার হন মুশির। ৬১ বলে ৫০ রান করে আরিফুল ইসলামের দারুণ ক্যাচ হন তিনি। 

৮৪ রানের জুটি ভাঙার পরের ওভারে বাংলাদেশ অষ্টম উইকটে পায়। সৌমি পান্ডেকে (১) দারুণ অফস্পিনে বোল্ড করেন শেখ পারভেজ জীবন।

রানের গতি বাড়াতে থাকা অভিষেককে থামান মারুফ। ৪০তম ওভারে তাকে জিশান আলমের ক্যাচ বানান এই পেসার। ৭৪ বলে ৬ চার ও ২ ছয়ে ইনিংস সেরা ৬২ রান করেন অভিষেক।

রাজ লিম্বানি ও নামান তিওয়ারি শেষ জুটিতে ১৬ রান যোগ করেন। ৪৩তম ওভারে জীবন নামানকে (৬) এলবিডব্লিউ করেন। 

মারুফ ১০ ওভারে ৪১ রান দিয়ে ৪ উইকেট নেন। দুটি করে উইকেট পান জীবন ও বর্ষণ।