মেয়েদের টেস্টে রানের ব্যবধানে এতদিন সবচেয়ে বড় জয়ের কৃতিত্ব ছিল শ্রীলঙ্কার। ১৯৯৮ সালে কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ৩০৯ রানে জিতেছিল লঙ্কানরা। এবার তাদের পেছনে ফেলে দিলেন ভারতের মেয়েরা।
ইংল্যান্ডকে প্রথমবার দেশের মাটিতে টেস্টে হারালো ভারত। একই সঙ্গে সবচেয়ে বড় জয়ের রেকর্ড গড়লো। দীপ্তি শর্মার ম্যাচসেরা পারফরম্যান্সে স্বাগতিকরা ৩৪৭ রানে হারিয়েছে ইংলিশদের।
তৃতীয় দিন সকালের সেশনে ইংল্যান্ডকে ১৪১ রানে দ্বিতীয় ইনিংসে গুটিয়ে দিয়ে জিতে যায় ভারত। টসে জিতে ব্যাটিংয়ে নেমে প্রথম ইনিংসে ৪২৮ রান করেছিল তারা।
তারপর প্রথম ইনিংসে ১৩৬ রানে ইংল্যান্ডকে অলআউট করে ভারত। দীপ্তি নেন ৫ উইকেট। তারপর স্বাগতিকরা ৬ উইকেটে ১৮৬ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে।
৪৭৯ রানের চ্যালেঞ্জিং টার্গেটে নেমে ইংল্যান্ড গুটিয়ে যায় দেড়শর আগেই। এই ইনিংসে দীপ্তি নেন ৪ উইকেট। ম্যাচে মোট ৯ উইকেট নেন। শুধু বল হাতে নয়, ব্যাট হাতেও দুই ইনিংসে মোট ৮৭ রান করেন। প্রথম ইনিংসে করেন ৬৭ রান।