আইসিসি উইমেন’স চ্যাম্পিয়নশিপ

মুর্শিদার রেকর্ড ইনিংসে বাংলাদেশের সর্বোচ্চ রান

ইস্ট লন্ডনের বাফেলো পার্কে দাপট দেখালেন বাংলাদেশের মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণকে নিষ্ক্রিয় করে বিদেশের মাটিতে তো বটেই, দেশের ওয়ানডে ইতিহাসে সর্বোচ্চ রান করলো তারা। দেশের বাইরে মুর্শিদা খাতুনের রেকর্ড ইনিংসে ৩ উইকেটে ২৫০ রান জমা হয়েছে বাংলাদেশের স্কোরবোর্ডে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে স্বাগতিকদের সব পরিকল্পনা ভেস্তে দেয় বাংলাদেশ। শামীমা সুলতানা ও ফারজানা হকের উদ্বোধনী জুটি ৬৬ রান তোলে। শামীমা ৩৪ রানে আউট হন।

মুর্শিদাকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি ফারজানা। ৪৪ রানে ভেঙে যায় এই জুটি। ফারজানা ৩৫ রানে আউট হন। 

একপ্রান্ত আগলে রেখে রান বাড়াতে থাকেন মুর্শিদা। তার সঙ্গে নিগার সুলতানার জুটি জমে ওঠে। দুই প্রান্ত থেকে সুযোগ বুঝে রান তুলতে থাকেন তারা। ৮৭ বলে ৮০ রান করে ভাঙে এই জুটি। নিগার ৩৮ রান করে এমলাবাকে সহজ ফিরতি ক্যাচ দেন। 

৬০ বলে হাফ সেঞ্চুরি করা মুর্শিদা একটা সময় সেঞ্চুরির স্বপ্ন দেখতে থাকেন। তার সঙ্গে স্বর্ণা আক্তারের জুটিও পঞ্চাশ ছাড়িয়ে যায়। তবে শেষ দিকে স্ট্রাইকে যেতে ব্যর্থ হন মুর্শিদা। তাতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি ব্যাটার হিসেবে সর্বোচ্চ রান করলেও শতকের দেখা পাননি। ১০০ বলে ১২টি চারে সাজানো ছিল তার ৯১ রানের ইনিংস। মুর্শিদার সঙ্গে ৫৯ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ার পথে ২৭ রানে অপরাজিত ছিলেন স্বর্ণা।