টেস্ট চ্যাম্পিয়নশিপে দুই পয়েন্ট হারালো পাকিস্তান

পার্থ টেস্টে অস্ট্রেলিয়ার কাছে শোচনীয়ভাবে পরাজিত হয়েছে পাকিস্তান। দুঃখটা আরও বাড়িয়ে দিলো স্লো ওভার রেটের শাস্তি। ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ (ডব্লিউটিসি) তালিকায় তারা দুই পয়েন্ট হারিয়েছে। 

নির্ধারিত সময়ের মধ্যে তারা দুই ওভার বল কম করেছে। চ্যাম্পিয়নশিপ প্লেয়িং কন্ডিশন অনুযায়ী বরাদ্দকৃত সময়ের মধ্যে করতে না পারা প্রতি ওভারের জন্য একটি করে পয়েন্ট কাটা হয়।

পার্থে ৩৬০ রানে হেরে যাওয়ার পর পাকিস্তান চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় দুই নম্বরে নেমে গেছে এবং শাস্তি পাওয়ায় তাদের পয়েন্টের শতাংশ ৬৬.৬৭ থেকে কমে হয়েছে ৬১.১১। 

এছাড়া খেলোয়াড়ের জন্য নির্ধারিত আইসিসি আচরণবিধি অনুযায়ী প্রতি ওভারের জন্য পাঁচ শতাংশ জরিমানাও গুনতে হয়। অর্থাৎ দুই পয়েন্ট হারানোর সঙ্গে পাকিস্তানকে ১০ শতাংশ ম্যাচ ফি জরিমানাও করা হয়েছে। ম্যাচের আম্পায়ার জোয়েল উইলসন, রিচার্ড ইলিংওর্থ, মাইকেল গফ ও ফোর্থ আম্পায়ার ডোনোভান কোচের অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ এই শাস্তি আরোপ করেছেন। অধিনায়ক শান মাসুদ অপরাধ ও শাস্তি মেনে নেওয়ায় শুনানির প্রয়োজন পড়েনি।

বড়দিনের পরের দিন মেলবোর্নে ২৬ ডিসেম্বর বক্সিং ডেতে হবে দ্বিতীয় টেস্ট ম্যাচ। তার আগে ভিক্টোরিয়া একাদশের বিপক্ষে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান।