শিবলি-রাব্বিদের স্বপ্ন এখন আরও বড়

ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে বেশ কয়েকজন শিশু ক্রিকেটার এসেছিলেন এশিয়া কাপ জয়ী দলকে বরণ করে নিতে। একাডেমি মাঠে আনুষ্ঠানিকতা শেষে প্রতিষ্ঠানের ছাত্রদের অটোগ্রাফ দেন আশিকুর রহমান শিবলি। তিনি চলে যাওয়ার সময় একাডেমির ছাত্র শেখ মেহরাব হোসেন তাকে উদ্দেশ্যে করে বলেন, ‘ভাই এশিয়া কাপে হবে না, বিশ্বকাপ জিততে হবে।’ শিবলি প্রতিউত্তরে হাসিমুখে কথা দিয়ে গেলেন।

বড় বড় টুর্নামেন্টে জাতীয় দলের সাফল্য তেমন একটা নেই। বেশ কিছু দ্বিপাক্ষিক সিরিজ জিতলেও আইসিসি ইভেন্টে কোনও সাফল্য নেই সাকিব আল হাসান-মুশফিকুর রহিমদের। দেশের পুরুষ ক্রিকেটে যা সাফল্য, সবটাই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের হাত ধরে। ২০২০ সালে বিশ্বকাপ জয়ের পর এবার এশিয়া কাপ জিতেছে বাংলাদেশের যুবারা। সামনেই বিশ্বকাপ খেলতে যাবে দলটি। স্বাভাবিকভাবেই প্রত্যাশার মাত্রা বেশি। শেখ মেহরাব হোসেনের মতো অন্যরা এই দলটির কাছে বড় প্রত্যাশা করবেন, এটাই তো স্বাভাবিক। কিন্তু নার্ভাস নন যুব দলের ক্রিকেটাররা। তাদের স্বপ্ন এখন আকাশ ছোঁয়ার।

তবে প্রত্যাশার চাপে ভেঙে পড়তে চান না যুব দলের ক্রিকেটাররা। দলটির অধিনায়ক মাহফুজুর রহমান রাব্বি জানিয়েছেন, ‘প্রত্যাশা তো থাকেই। আমাদের চেষ্টা থাকবে সবার প্রত্যাশা পূরণ করার। আমাদের সামনে বিশ্বকাপ আছে, এটার জন্য আমাদের দায়িত্ব অনেক বেড়ে গিয়েছে। এশিয়া কাপ থেকে আমরা খুব ভালো প্রস্তুতি নিয়েছি বিশ্বকাপের জন্য।’

রবিবার স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপের শিরোপা জেতে বাংলাদেশ দল। এই টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন রাব্বির দল। গ্রুপ পর্বে আরব আমিরাত, জাপান, শ্রীলঙ্কাকে হারিয়ে সেমিফাইনালে ওঠে লাল-সবুজ জার্সিধারীরা। এরপর ২০১৯ সালের এশিয়া কাপে ভারতের কাছে ফাইনালে হারের বদলা নেয় এই টুর্নামেন্টে। ভারতকে ৪ উইকেটে হারিয়ে দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠে বাংলাদেশ। এরপর স্বাগতিক আরব আমিরাতকে উড়িয়ে দিয়ে প্রথমবারের মতো এশিয়া কাপ জিতে ইতিহাস গড়ে লাল-সবুজ জার্সিধারীরা।

আরব আমিরাতে ট্রফি জয়ের পর আনন্দে ঘুমাতেও পারেনি রাব্বিরা। সোমবার সন্ধ্যায় সোনালি রঙয়ের ট্রফিটি নিয়ে দেশে ফেরেন তারা। বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা শেষে দলকে নিয়ে আসা হয় মিরপুরের একাডেমি ভবনের সামনে। তাদের জন্য প্রস্তুত করা হয় মঞ্চ, সেখানে অনুভূতি প্রকাশ করেন টুর্নামেন্ট সেরা শিবলি ও অধিনায়ক রাব্বি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন অধিনায়কসহ সবাইকে মিষ্টিমুখ করান।

yuva-airport1এশিয়া কাপ ভুলে রাব্বিদের লক্ষ্য এখন বিশ্বকাপ। এশিয়ার শ্রেষ্ঠত্ব অর্জন পুরো দলকে অনুপ্রাণিত করবে বলে মনে করেন যুব দলের এই অধিনায়ক, ‘আসলে এই অর্জন তো অবশ্যই আমাদের অনুপ্রেরণা দিবে। বিশ্বকাপে আমরা চেষ্টা করবো ভালো খেলার। আমাদের ব্যাটার, বোলার, ফিল্ডার- সবাই খুব ভালো অবস্থানে আছে। আমরা যদি এই ধারাবাহিকতা রাখতে পারি, ইনশাআল্লাহ অবশ্যই বিশ্বকাপ থেকে ভালো কিছু নিয়ে আসতে পারবো।’

টুর্নামেন্টে সর্বোচ্চ ৩৭৮ রান এসেছে শিবলির ব্যাট থেকে। দুটি সেঞ্চুরি ছাড়াও দুটি হাফ সেঞ্চুরি পেয়েছেন এই ব্যাটার। এশিয়া কাপে দারুণ ক্রিকেট খেলা শিবলির সবচেয়ে ভালো লাগছে অবদান রাখতে পেরে, ‘আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে। আমার পারফরম্যান্স থেকে দল চ্যাম্পিয়ন হয়েছে এটা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ। দল ভালো করছে এটাই ভালো লাগছে।’

অধিনায়ক রাব্বির মতো শিবলিও বিশ্বকাপে নিজেদের সেরাটা নিংড়ে দিতে মুখিয়ে আছে, ‘ভালো করার ইচ্ছে তো সবারই থাকে। আমরা চেষ্টা করবো ভালো কিছু দেওয়ার, ফল পরে দেখা যাবে। বিসিবি আমাদের যথেষ্ট পরিমাণ ভালো সুযোগ-সুবিধা দিচ্ছে। আমরা আমাদের চেষ্টাটা পুরোপুরি করতে পারলে ভালো কিছু হবে।’

ক্রিকেটারদের সাফল্য উদযাপনে বিসিবি নৈশভোজের আয়োজন করেছে। মঙ্গলবার রাতে স্থানীয় এক হোটেলে এশিয়ার সেরা যুব দলের সঙ্গে সেখানে অংশ নেবেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন। এছাড়াও সেখানে বেশ কয়েকজন পরিচালক থাকবেন। 

আগামী জানুয়ারিতে বাংলাদেশ দল দক্ষিণ আফ্রিকায় বিশ্বকাপে অংশ নেবে। এই কারণে আগামী কয়েকদিন ব্যস্ত সময় কাটাতে হবে ক্রিকেটারদের। এক সপ্তাহ ছুটির পর মিরপুরে শুরু হবে অনুশীলন। কিছুটা আগেভাগে দক্ষিণ আফ্রিকায় গিয়ে ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ দল। এরপর বিশ্বকাপে মঞ্চে অংশ নেবে তারা।