দলীয় নৈপুণ্যে শেষটা রাঙানোর আশা বাংলাদেশের  

নিউজিল্যান্ডের দ্বিতীয় সারির দলের বিপক্ষে টানা দুই ওয়ানডে হেরে সিরিজ খুইয়েছে বাংলাদেশ। নেপিয়ারে অনুষ্ঠেয় সিরিজের তৃতীয় ওয়ানডেতে বাংলাদেশ কি পারবে সিরিজের শেষটায় সান্ত্বনা নিয়ে মাঠ ছাড়তে? পুরোনো পরিসংখ্যান আর চলমান সফরে সফরকারীদের ছন্দ দেখলে সেটার উত্তর দেওয়া কঠিন। বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় শুরু হবে সিরিজের তৃতীয় ম্যাচটি। দেখাবে নাগরিক ও গ্রিন টিভি।

নিউজিল্যান্ডের মাঠে ১৮টি ওয়ানডে খেলে বাংলাদেশ কখনো জিততে পারেনি। কিন্তু দ্বিতীয় ওয়ানডেতে সৌম্য সরকার যেভাবে ব্যাট করেছেন, তার সঙ্গে শুরুতে কয়েকটি ভালো ইনিংস এলে ম্যাচের গতি-প্রকৃতি ভিন্ন হলেও হতে পারতো। সৌম্যর ক্যারিয়ার সেরা ১৬৯ রানের ইনিংসেই নেলসনে স্কোরটা ২৯১ রান পর্যন্ত গেছে। কিন্তু বাকি ব্যাটাররা জ্বলে না উঠতে পারার খেসারত দিতে হয়েছে সফরকারীদের। তার ফলে রানটা আরও বড় হতে পারেনি। নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টিডও তেমনটা মনে করেন। ম্যাচের আগে তিনি সৌম্য সরকারের প্রশংসা করে বলেছেন, ‘সৌম্য দারুণ খেলেছে। আমার মনে হয় ওরা ৩০-৪০ রান কম করেছে। সেজন্য কৃতিত্ব বোলারদের। যেভাবে পাওয়ার প্লেতে তারা তিন উইকেট তুলে নিয়েছে সেটাই ব্যবধান গড়ে দিয়েছে পরে।’

বাংলাদেশ হোয়াইটওয়াশের শঙ্কা নিয়ে শনিবার ভোরে স্বস্তির জয় খুঁজতে ম্যাকলিন পার্কে শেষ ওয়ানডে খেলতে মাঠে নামবে। নাজমুল হোসেন শান্ত অধিনায়ক হিসেবে টেস্টে নিজের অভিষেক ম্যাচে কিউইদের বিপক্ষে অসাধারণ জয়ের স্বাদ পেয়েছিলেন। কিন্তু ওয়ানডে ফরম্যাটে ভিন্ন অভিজ্ঞতা হলো তার। ৫ ম্যাচে নেতৃত্ব দিয়ে জয় এখনও অধরাই রয়ে গেছে। সেই গেরো খুলতেই শনিবার মাঠে নামবে শান্ত বাহিনী।  ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি আশাবাদী কণ্ঠে বলেছেন, ‘আমি প্রতিটি ম্যাচ একটা সুযোগ হিসেবে দেখি। কাল আরেকটা সুযোগ। আমি এখনও বিশ্বাস করি যে অতীতে যেটা হয়েছে এবার এটা হবে না। এখনও বিশ্বাস আছে এই দলকে হারাতে পারি। ব্যক্তিগত পারফরম্যান্স না করে দল হিসেবে পারফর্ম করলে ম্যাচটা জিততে পারবো।’

কিউই কোচ স্টিড অবশ্য একই পিচ আশা করছেন তৃতীয় ওয়ানডেতে। তবে পরিস্থিতি ভিন্ন হলেও তাদের সমস্যা হবে না বলে মনে করেন তিনি, ‘যখন সূর্য হাসতে শুরু করে, এখানে ব্যাটিংটা অসাধারণ হয়। তবে পিচ নিয়ে এখনই বলা কঠিন। কালকে বলতে পারবো। এখনও মনে হচ্ছে নিচের অংশটা বেশ শক্ত। ফলে একবার থিতু হতে পারলে যতক্ষণ খুশি ব্যাট করা সম্ভব এবং পার্টনারশিপ গড়াও সম্ভব। তবে এটার নিশ্চয়তা কেউ দিতে পারবে না।’