অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থ টেস্টে শুরু থেকে পেছনে ছিল পাকিস্তান। তিন বিভাগেই তারা ছিল নিষ্ক্রিয়। স্বাভাবিকভাবে সমালোচিত হয়েছে তাদের পারফরম্যান্স। ৩৬০ রানের বিশাল হারে শুরু হয়েছে শান মাসুদের অধ্যায়। মেলবোর্নে দ্বিতীয় টেস্ট খেলতে মাঠে নামার আগে নতুন অধিনায়ক ধৈর্যের আহ্বান করেছেন।
বাবর আজম যুগ শেষে মাসুদের নতুন অধ্যায় শুরু হয়েছে বাজেভাবে। বক্সিং ডে টেস্টে বেশ কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। সবচেয়ে উল্লেখযোগ্য বদল হচ্ছে, উইকেটকিপার সরফরাজ আহমেদকে বাইরে রেখে মোহাম্মদ রিজওয়ানকে ফেরানো। তাই বলে দলের পারফরম্যান্সেও পরিবর্তন এসে যাবে, সেটা মনে করেন নতুন অধিনায়ক।
মাসুদ বলেছেন, ‘এক টেস্ট দিয়ে কখনোই ন্যায্য মূল্যায়ন হবে না। সময় লাগবে, আরেকটু সময় লাগবে। আমরা যে স্কোয়াড পেয়েছি তারা কিছুদিন ধরে টেস্ট ক্রিকেট খেলছে। ঘরোয়া কাঠামোর দিকে তাকাতে হবে এবং লাল বলের ক্রিকেটে খেলোয়াড়দের পেতে হবে।’
তিনি আরও বলেন, ‘বাইরে থেকে আমরা বলেছি যে আমরা আরও বেশি আকর্ষণীয় ব্র্যান্ডের টেস্ট ক্রিকেট খেলতে চাই। শ্রীলঙ্কায় আমরা সেটা করেছিলাম, ফলও পেয়েছি ভালো। বিশ্ব ক্রিকেটের সেরা দলগুলোর বিপক্ষে সেটা করে দেখানোই এখন চ্যালেঞ্জ।’