পাকিস্তানের আধিপত্যের পর দিন বদলে দিলেন কামিন্স

বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনের খেলায় অস্ট্রেলিয়াকে বেশিদূর যেতে দেয়নি পাকিস্তান। প্রথম ইনিংসে ৩১৮ রানে থামে স্বাগতিকরা। তারপর শান মাসুদ ও আব্দুল্লাহ শফিকের ব্যাটে আধিপত্য দেখায় পাকিস্তান। কিন্তু শেষ সেশনে প্যাট কামিন্স আগুন বোলিংয়ে ম্যাচের দৃশ্যপট বদলে দিলেন। দিনটা নিজেদের করে নিয়েছে অজিরা। ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান করেছে পাকিস্তান। ৪ উইকেট হাতে রেখে ১২৪ রানে পিছিয়ে তারা।

মেলবোর্নে বৃষ্টিবিঘ্নিত প্রথম দিন শেষে অস্ট্রেলিয়া বুধবার ৩ উইকেটে ১৮৭ রানে খেলা শুরু করে। ২০৪ রানে ট্র্যাভিস হেডকে হারায় স্বাগতিকরা। মিচেল মার্শ ও মার্নাস লাবুশেনের জুটি ৪৬ রানে ভেঙে গেলে বিপদে পড়ে তারা। শেষ ৬ উইকেট পড়ে মাত্র ৬৮ রানে। 

ইনিংস সেরা ৬৩ রান করা লাবুশেনেকে ফেরান আমির জামাল। আগের দিন স্টিভ স্মিথকে ফেরানো এই পেসার কামিন্সেরও উইকেট নেন। তিন ব্যাটারকে ফিরিয়ে সেরা বোলার তিনি। মার্শের ব্যাটে আসে ৪১ রান।

পাকিস্তানের পক্ষে দুটি করে উইকেট নেন শাহীন আফ্রিদি, হাসান আলী ও মীর হামজা।

পাকিস্তানের উদ্বোধনী জুটি ভাঙে ৩৪ রানে। ইমাম উল হক (১০) নাথান লায়নের শিকার হন। এরপর শফিক ও মাসুদ ৯০ রানের জুটিতে প্রতিরোধ গড়েন। 

শেষ সেশনের মধ্যভাগে কামিন্স ৬২ রানে শফিককে ফিরতি ক্যাচে ফেরান। পরের ওভারে বাবর আজমকে (১) বোল্ড করেন অজি অধিনায়ক। মাসুদ ৫৪ রানে ফিরে যান লায়নের বলে। সৌদ শাকিল (৯) ও আগা সালমান (৫) দ্রুত বিদায় নেন। ১ উইকেট হারিয়ে ১২৪ রান করা পাকিস্তানের ১৭০ রানে ৬ উইকেট পড়ে যায়। তারপর মোহাম্মদ রিজওয়ান ও জামাল ৭ ওভারে ২৪ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিন শেষ করেন।