মেলবোর্ন টেস্টের দ্বিতীয় ইনিংসে ১৬ রানে ৪ উইকেট হারিয়ে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেখান থেকে দারুণ লড়াইয়ে দলটাকে নেতৃত্ব দিলেন মিচেল মার্শ ও স্টিভেন স্মিথ। তাতে দ্বিতীয় ইনিংসে লিড ২৪১ রানে নিয়ে গেছে স্বাগতিক দল। তৃতীয় দিনের শেষভাগে অসাধারণ ব্যাট করতে থাকা স্মিথ (৫০) আউট হওয়ায় ৬ উইকেটে ১৮৭ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে স্বাগতিক দল।
৬ উইকেটে ১৯৪ রান নিয়ে দিনের খেলা শুরু করেছিল পাকিস্তান। গতকাল শেষ সেশনে কামিন্সের অবিশ্বাস্য এক স্পেলে ধস নেমেছিল। সেখানে আজ দিনের শুরুতে ভালো লড়াই করেছেন রিজওয়ান ও আমের জামাল। তবে এদিন মাত্র ১৩ রান যোগ করতে পেরেছেন আগের দিনে অপরাজিত থাকা রিজওয়ান। ফেরার আগে অবশ্য আমের জামালকে সঙ্গে নিয়ে উপহার দিয়েছেন ৪৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। বাকিরা সঙ্গ দিতে না পারায় জামাল একাই লড়েছেন। শেষ পর্যন্ত ৩৩ রানে অপরাজিত থাকেন তিনি। শাহীন অবশ্য ২১ রানের উপভোগ্য ইনিংসে অবদান রেখেছেন। তাতে পাকিস্তান প্রথম ইনিংসে অলআউট হয়েছে ২৬৪ রানে। অজিদের হয়ে ৪৮ রানে ৫ উইকেট নিয়েছেন প্যাট কামিন্স। ৭৩ রানে ৪টি নিয়েছেন নাথান লায়ন।
প্রথম ইনিংসে ৩১৮ রান করা অস্ট্রেলিয়ার দ্বিতীয় ইনিংসের শুরুটা ছিল ভুতুড়ে। শাহীন আর হামজার তোপে প্রথমেই ধস নামার উপক্রম হয় তাদের। পরিস্থিতি আরও জটিল হতে পারতো, যদি দলের ৪৬ রানে মার্শের ক্যাচটা নিতে পারতেন আব্দুল্লাহ শফিক। তখন মার্শ ২০ রানে ব্যাট করছিলেন। পরে এই ক্যাচ মিসই টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়ায় ইনিংসের। স্মিথকে সঙ্গে নিয়ে ১৫৩ রানের জুটি গড়েন তিনি। হামজার বলে পরে মার্শ আউট হয়েছেন ৯৬ রানে। হাফসেঞ্চুরি পাওয়া স্মিথ শেষবেলায় আউট হলেও ১৬ রানে অপরাজিত থাকেন অ্যালেক্স ক্যারি। টেস্টকে বিদায় বলতে যাওয়া ডেভিড ওয়ার্নার অবশ্য এই ইনিংসে ৬ রানের বেশি করতে পারেননি। তবে মেলবোর্নে শেষ টেস্ট হওয়ায় তাকে দাঁড়িয়ে অভিবাদন জানান দর্শকরা।
দ্বিতীয় ইনিংসে ২৭ রানে তিনটি উইকেট নিয়েছেন মির হামজা। ৫৮ রানে তিনটি নিয়েছেন শাহীন আফ্রিদিও।