আইসিসির বর্ষসেরা উদীয়মান ক্রিকেটারের লড়াইয়ে মারুফা

বাংলাদেশের পেসার মারুফা আক্তার ২০২৩ সালে পারফরম্যান্স দিয়ে নজর কেড়েছেন। বল হাতে দারুণ প্রচেষ্টায় মাঠে দাপট দেখান তিনি। তারই স্বীকৃতিতে আইসিসির বর্ষসেরা নারী উদীয়মান ক্রিকেটারের লড়াইয়ে মনোনীত হয়েছেন তিনি। বুধবার ক্রিকেট বিশ্বের নিয়ন্ত্রক সংস্থা মনোনীতদের তালিকা প্রকাশ করেছে।

ফেব্রুয়ারিতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে মাত্র পাঁচটি আন্তর্জাতিক ম্যাচ খেলেন মারুফা। তবে নিজের প্রথম মেজর আইসিসি টুর্নামেন্টে ছাপ রাখেন দারুণভাবে। এই ডানহাতি বোলার শ্রীলঙ্কার ব্যাটিং অর্ডারে কাঁপন ধরান। টানা দুটি উইকেট নেন, ম্যাচ শেষ করেন ২৩ রান খরচায় পকেটে ৩ উইকেট পুরে। ক্যারিয়ারের তৃতীয় টি-টোয়েন্টিতেই অসাধারণ সাফল্য পান।

বিশ্বকাপে পরের ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে নেন বেথ মুনির গুরুত্বপূর্ণ উইকেট। মারুফা টুর্নামেন্ট শেষ করেন ৬.৩১ ইকোনমি রেটে ৪ উইকেট নিয়ে।

এরপর ১৮ বছর বয়সী পেসার বছরের মাঝামাঝিতে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সাদা বলের ম্যাচগুলোতে মুগ্ধ করেন। জুলাইতে মিরপুরে ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডে জয়ে দুর্দান্ত ছাপ রাখেন। মাত্র ১৫২ রান করেছিল বাংলাদেশ। জয়ের কোনও সম্ভাবনাই ছিল না। কিন্তু মারুফা চারটি বড় উইকেট নিয়ে দলকে ৪০ রানের স্মরণীয় জয় এনে দেন। তার ওই দিনের বোলিং ফিগার (৪/২৯) আন্তর্জাতিক ক্রিকেটে এখন পর্যন্ত তার সেরা। 

মারুফার সঙ্গে বর্ষসেরা উদীয়মান খেলোয়াড় হওয়ার লড়াইয়ে আছেন অস্ট্রেলিয়ার ফোয়েবে লিচফিল্ড, ইংল্যান্ডের লরেন বেল ও স্কটল্যান্ডের ডার্সি কার্টার।