পাকিস্তান সিরিজে কিউইদের বোলিং কোচ আন্ড্রে অ্যাডামস

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে নিউজিল্যান্ড। সিরিজটির জন্য আলাদা করে বোলিং কোচ নিয়োগ দিয়েছে তারা। সাবেক অলরাউন্ডার আন্ড্রে অ্যাডামসকে এই দায়িত্ব দেওয়া হয়েছে।

তাতে করে হেড কোচ গ্যারি স্টিডের কোচিং গ্রুপে কাজ করার সুযোগ হচ্ছে ৪৮ বছর বয়সীর। এই গ্রুপে ব্যাটিং কোচ হিসেবে আছেন সাবেক কিউই ব্যাটার লুক রনকি।

ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত স্থায়ীভাবে এই পদে নিযুক্ত ছিলেন শেন জার্গেনসেন। তার মেয়াদ শেষ হলে খালি ছিল এই পদ। অ্যাডাম আপাতত ভারপ্রাপ্ত হিসেবে সেই পদে যুক্ত হয়েছেন।   

অ্যাডাম পাঁচ বছরের ক্যারিয়ারে নিউজিল্যান্ডের হয়ে একটি টেস্ট, ৪২টি ওয়ানডে ও চারটি টি-টোয়েন্টি খেলেছেন। খেলেছেন কাউন্টি ক্রিকেটেও।

২০১৫ সালে অবসর নেওয়ার আগে ইংলিশ কাউন্টি নটিংহ্যামশায়ার, হ্যামশায়ার ও এসেক্সের সদস্য ছিলেন। তার পর বোলিং কোচ হিসেবে দায়িত্ব নেন অস্ট্রেলিয়ার ঘরোয়া দল নিউ সাউথ ওয়েলসের। সেখানে মিচেল স্টার্ককে অফফর্মের খোলস থেকে বের করে আনার জন্য প্রশংসিত হন তিনি। তাছাড়া অভিজ্ঞতা আছে বিগ ব্যাশেও। সেখানে সিডনি সিক্সার্সে কাজ করেছেন। অ্যাকল্যান্ডে লকি ফার্গুসনের ক্যারিয়ারকে একটি রূপ দিতেও তিনি সাহায্য করেছেন।