করোনাভাইরাস নতুন করে ছড়িয়ে পড়ছে। এই মহামারি প্রতিরোধে বিশ্বে দৃষ্টান্ত তৈরি করা নিউজিল্যান্ডেও প্রাদুর্ভাব বাড়ছে। দেশটির জাতীয় ক্রিকেট দলে হানা দিয়েছে করোনা। তাতে আক্রান্ত হয়েছেন স্পিনার মিচেল স্যান্টনার। পাকিস্তান ও নিউজিল্যান্ডের প্রথম টি-টোয়েন্টিতে খেলতে পারছেন না তিনি।
আগামী কয়েকদিন স্যান্টনারকে পর্যবেক্ষণ করা হবে বলে নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে। আপাতত কারও সহায়তা ছাড়া হ্যামিল্টনে নিজ বাসায় ফিরে যাবেন তিনি। আগামী রবিবার রাতে সেখানেই দ্বিতীয় ম্যাচ।
গত ওয়ানডে বিশ্বকাপে স্যান্টনার দুর্দান্ত পারফর্ম করেন। সেমিফাইনালে ছিটকে যাওয়া নিউজিল্যান্ডের হয়ে ১০ ম্যাচে ৪.৮৪ ইকোনমি রেটে ১৬ উইকেট নেন। বাংলাদেশের বিপক্ষেও তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল।
আগামী জুনের টি-টোয়েন্টি বিশ্বকাপ উপলক্ষে পাকিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজ খেলছে নিউজিল্যান্ড। এরই মধ্যে শুক্রবার তারা ব্যাটিংয়ে নেমে পাকিস্তানের বিপক্ষে যে কোনও দল হিসেবে রেকর্ড ২২৬ রান করেছে ৮ উইকেট হারিয়ে।