আর মাত্র কয়েক দিন পর মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। বিপিএল সামনে রেখে দলগুলো অনুশীলনও শুরু করেছে। রবিবার থেকে মিরপুরে ক্যাম্পেইন শুরু করেছে দুর্দান্ত ঢাকা। অনুশীলনের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দলটির কোচ খালেদ মাহমুদ সুজন নিজেদের লক্ষ্যের কথা জানিয়েছেন।
এমনিতেই কাগজে কলমে এবারের আসরের খর্বশক্তির দল ঢাকা। জাতীয় দলের দুই পেসার তাসকিন আহমেদ এবং শরিফুল ইসলাম ছাড়া সেই অর্থে তেমন কোনও তারকা ক্রিকেটার নেই দলটির। সুজন বাস্তবতা মেনেই নিজেদের লক্ষ্যের কথা জানালেন। সুজন বলেছেন, ‘যখনই যে দল গড়ে সে দল তার লক্ষ্য নিয়ে গড়ে। চ্যাম্পিয়ন হওয়াটা তো সবসময়ই টার্গেট থাকে। যদি আমি বাস্তবসম্মতভাবে চিন্তা করি তাহলে আমাদের যে শক্তি আছে, অবশ্যই প্রথম ধাপটা হচ্ছে গিয়ে নক আউটে যাওয়া সুপার ফোরে থাকা। প্রথম চারের মধ্যে থাকা গুরুত্বপূর্ণ, এটাই প্রথম লক্ষ্য। চ্যাম্পিয়ন হতে তো ভাগ্য লাগে, নক আউটে গিয়ে ভালো খেলেও প্রথম ম্যাচে হেরে গেলে বিদায়। প্রথম লক্ষ্য সেমিফাইনাল স্টেজে যাওয়া।’
দলে তারকা না থাকলেও দলে থাকা ক্রিকেটারদের নিয়ে বিপিএলের চ্যালেঞ্জ জিততে উন্মুখ সুজন, ‘অবশ্যই, আমার কাছে এটাই একটা বড় চ্যালেঞ্জ। যেহেতু আমাদের নাম নেই, কাগজে কলমে সবাই ৬/৭ নম্বর দলই বলবে হয়তো। ওই হিসেবে আই ডোন্ট মাইন্ড এট অল, এরকম একটা দল নিয়েই কাজ করাটা বেশি আনন্দের। কারণ আমাদের চ্যালেঞ্জটা বেশি থাকবে।’