শেষ সময়ে কুমিল্লা, সিলেট ও খুলনার অধিনায়ক ঘোষণা

আর মাত্র একদিন পরই মাঠে গড়াবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। কিন্তু বেশিরভাগ দলই শেষ সময়ে এসে তাদের অধিনায়কদের নাম ঘোষণা করেছে। বুধবার সন্ধ্যায় সিলেট স্টাইকার্সের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মর্তুজাকে নির্বাচিত করে। এছাড়া একই দিনে লিটন দাসকে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক করা হয় এবং খুলনা টাইগার্সের অধিনায়ক হিসেবে এনামুল হক বিজয়ের নাম ঘোষণা করা হয়।

সিলেটের হয়ে গত আসরে মাশরাফি নেতৃত্ব দিলেও ডেপুটি হিসেবে পেয়েছিলেন মুশফিকুর রহিমকে। এবার মাশরাফির সহকারী মোহাম্মদ মিঠুন। ধারণা করা হয়েছিল, নাজমুল হোসেন শান্তই হয়তো দলটির সহঅধিনায়ক হবেন। 

তারকায় ঠাসা বিপিএলের দল কুমিল্লা। চারবারের চ্যাম্পিয়নরা ইমরুল কায়েসকে সরিয়ে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে লিটনকে। অথচ ইমরুলের হাত ধরে কুমিল্লা তিনটি শিরোপা জিতেছে। শেষ আসরেও তারা চ্যাম্পিয়ন হয়েছিল তার নেতৃত্বে। এবার ইমরুল যে দলকে নেতৃত্ব দেবেন না, আঁচ পাওয়া যাচ্ছিল প্লেয়ার্স ড্রাফট থেকে।

এদিকে খুলনা দল বাছাই ও বিদেশি সংগ্রহে তেমন পয়সা খরচ করেনি। গড়পড়তা দল গড়া দলটির নেতৃত্বে দেখা যাবে বিজয়কে।গত আসরে তিনি খুব ভালো কিছু করতে পারেনি। এবার তার নেতৃত্বে দলটা কেমন করে সেটাই দেখার। আগের আসরে ফরচুন বরিশালের অধিনায়ক সাকিব আল হাসান দল পাল্টে চলে গেছেন রংপুর রাইডার্সে। বাঁহাতি অলরাউন্ডারের জায়গায় বরিশালকে নেতৃত্ব দেবেন তামিম ইকবাল। 

সাকিব রংপুরে গেলেও নেতৃত্ব দিচ্ছেন না। আগের আসরের অধিনায়ক নুরুল হাসান সোহানের কাঁধেই থাকছে রংপুরের দায়িত্ব। অন্যদিকে কাগজে-কলমে বিপিএলের সবচেয়ে কম শক্তির দল দুরন্ত ঢাকা ভরসা রাখছে মোসাদ্দেক হোসেন সৈকতের ওপর। এছাড়া আগের আসরের মতো এইবারও চট্টগ্রামকে নেতৃত্ব দেবেন শুভাগত হোম।

১৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে এবারের বিপিএল। গতবার ছয় দল নিয়ে প্রতিযোগিতা হলেও এবার হচ্ছে সাত দলের। নতুন করে এসেছে দুরন্ত ঢাকা।